আজকাল ওয়েবডেস্ক: রবিবারই রাজ্যের ২৮৪ আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছিল কংগ্রেস। বুধবার বাকি ১০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হল। সেই তালিকায় দেখা যাচ্ছে, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার লড়বেন শ্রীরামপুর কেন্দ্রে। এছাড়া বাকি নয় কেন্দ্রের মধ্যে আলিপুরদুয়ারে লড়বেন মৃন্ময় সরকার। ইসলামপুরে গুড্ডি রিয়াজ। গাজোলে হাত শিবিরের প্রার্থী প্রেম চৌধুরি। ফরাক্কায় লড়বেন মহম্মদ মহতাব শেখ। সাগরদিঘিতে প্রার্থী মনোজ চক্রবর্তী। বেলডাঙ্গায় লড়বেন মহম্মদ সাহারুদ্দিন শেখ। বাদুরিয়ায় হাত শিবিরের প্রার্থী কাজি আবদুর রহিম। অশোকনগরে তৃণমূলের নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে লড়বেন অংশুমান রায়। পটাশপুরে প্রার্থী প্রণব কুমার মহাপাত্র।
প্রসঙ্গত, এর আগে রবিবার ২৮৪ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল কংগ্রেস। এবার রাজ্যে একাই লড়ছে হাত শিবির। বহরমপুরে লড়ছেন অধীর চৌধুরি। মালদহের মালতীপুর কেন্দ্র থেকে লড়ছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নূর। উত্তর দিনাজপুুরের চাকুলিয়া থেকে ফের প্রার্থী করা হয়েছে আলি ইমরান রামজ ওরফে ভিক্টরকে।
বালিগঞ্জে লড়ছেন প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের পুত্র রোহন মিত্র। ভবানীপুর থেকে লড়ছেন কংগ্রেসের দক্ষিণ কলকাতার জেলা সভাপতি প্রদীপ প্রসাদ। নন্দীগ্রাম আসনে কংগ্রেসের বাজি শেখ জরিয়াতুল হোসেন। রাসবিহারী কেন্দ্রে ফের প্রার্থী হয়েছেন আশুতোষ চট্টোপাধ্যায়।
প্রথম তালিকা থেকে বোঝা গিয়েছিল ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত বিধায়ক থাকা বেশ কয়েক জনকে এই নির্বাচনে টিকিট দিয়েছে কংগ্রেস।
বাকি দশ জনের তালিকা বুধবার প্রকাশ করল কংগ্রেস। এটা ঘটনা, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ২০২১ সালে শ্রীরামপুর থেকে লড়েছিলেন। এবারও তিনি সেই কেন্দ্র থেকেই লড়বেন।
প্রসঙ্গত, এবার বাংলায় দুই দফায় হবে ভোট। ২৩ ও ২৯ এপ্রিল। প্রথম দফায় হবে ১৫২ আসনে ভোট। আর দ্বিতীয় দফায় ১৪২ আসনে। ফল ঘোষণা ৪ মে।















