আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে প্রথম দফার ভোট চলাকালীন একেবারে অন্য মুডে দেখা গেল তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রীদের। দিন যত গড়িয়েছে ততই ঝড়ের বেগে এগিয়েছে ভোটদানের হার। এরপরই আত্মবিশ্বাসের সুর ধরা পড়েছে রাজ্যের শাসক দলের নেতা-মন্ত্রীদের গলায়। তারা নিজেদের সামাজিক মাধ্যম থেকে পোস্ট করা শুরু করেন।

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লেখেন, বেলা ১২ টা পর্যন্ত ভোটের হার হয়েছে ৪১.১১ শতাংশ। জয়ের পথে তৃণমূল কংগ্রেস।
রাজ্যের আরেক মন্ত্রী শশী পাঁজা লেখেন, প্রথম দফায় বেলা ১২ টা পর্যন্ত ভোট হয়েছে ৪১.১১ শতাংশ। বাংলার মানুষ তৃণমূলের পাশে। 
রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লেখেন, ভোটাররা সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে নিজের অধিকার প্রয়োগ করেছেন। তৃণমূল কংগ্রেস এবার নজিরবিহীন জয়ের পথে।

নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য লেখেন, ভোটের হার প্রমাণ করছে রাজ্যের তৃণমূল কংগ্রেসের জয় কেবল সময়ের অপেক্ষা।

রাজ্যে প্রথম দফার ভোট চলছে। এই পর্যায়ে ১৬টি জেলার মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। মোট বুথের সংখ্যা ৪৪ হাজার ৩৭৬টি। প্রত্যেক বুথেই ভোটগ্রহণের সময় ওয়েব কাস্টিং চলবে। প্রতি বুথে গড়ে ৮১৩ জন করে ভোটার রয়েছেন। ১৫২টি কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১,৪৭৮। এই পর্যায়ে মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন।