আজকাল ওয়েবডেস্ক: বঙ্গ ভোট মিটতেই, সামনে আসছে এক্সিট পোল। তাতে কোথাও দেখানো হচ্ছে বিজেপি এগিয়ে, কোথাও দেখানো হচ্ছে, লড়াই এবার হাড্ডাহাড্ডি। কানাঘুষো, আলোচনা। তবে সেসবের মাঝেই ভিডিও বার্তায় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ভোটের ফল ঘোষণার আগেই, একপ্রকার ভবিষ্যৎ জানিয়ে দিলেন। সাফ বার্তায় বললেন, '২০২৬-এ ২২৬ ক্রস করব।'
বৃহস্পতিবার মমতা ব্যানার্জি সোশ্যালমিডিয়ায় একটি ভিডিওবার্তা পোস্ট করেন। তাতে তিনি একদিকে যেমন ভোটারদের কৃতজ্ঞতা জানিয়েছেন, দলের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, তেমনই দলের কর্মীদের আগামী কয়েকদিনের জন্য কর্তব্য বাতলে দিয়েছেন।
মমতা বলেন, 'প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার থেকে শুরু করে, কেন্দ্র সরকার, ১৯টি রাজ্যের বিজেপি নেতা, অর্থ ভাণ্ডার, শক্তির ভাণ্ডার, বন্দুকের ভাণ্ডার নিয়ে, যারা বাংলার মানুষকে জব্দ করতে চেয়েছিল, জব্দ তারা ভোটবাক্সে গিয়েগিয়েছে।'
এক্সিট পোল নিয়ে বড় বার্তা দেন এদিন। বলেন, 'আমি এটা নিশ্চিন্ত করে বলতে চাই, যেটা টিভিতে দেখাচ্ছে, এটা বিজেপির অফিস থেকে কাল বেলা ১টা ৮মিনিটে সার্কুলেট করেছে, টাকা দিয়ে করেছে, যাতে এটা দেখানো হয়।' তাঁর অভিযোগ জোরপূর্বক করা হচ্ছে এটা। তারপরেই মমতা বলেন, 'আমরা ২৩০'ও পেয়ে যেতে পারি। ২২৬ ক্রস করব ২০২৬-এ। মানুষ যে বিপুলভাবে ভোট দিয়েছে, আমার তাদের প্রতি ভরসা, বিশ্বাস, আস্থা আছে।'
ভিডিও বার্তায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মমতা। একই সঙ্গে ফলাফলের আগের মুহূর্ত পর্যন্ত দলীয় কর্মীদের পয়েন্ট ধরে ডু'জ, ডোন্ট বাতলে দিলেন দলনেত্রী। বললেন, 'আমি দু'দিন ধরে সারারাত ঘুমাইনি। বিজেপি এত করেও মানুষকে মানুষের অধিকার থেকে বঞ্ছিত করতে পারল না। তাই বিজেপি শেষ খেলাটা খেলেছে, উল্টো পাল্টা বলে কর্মীদের মনোবল যাতে ভেঙে যায়।'
কর্মীদের উদ্দেশে বললেন, 'কাউন্টিকে যাতে সবাই ভালভাবে পাহারা দেয় আজ থেকেই, আমি সেটা বলব। দরকার হলে আমিও আমার এলাকায় পাহারা দিতে নামব। সব তৃণমূল প্রার্থীদের বলব, নিজেরা পাহারা দিন। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের বেলায় নিজেরা পাহারায় থাকুন। আমি যদি পাহারা দিতে পারি, আপনারাও পাহারা দিন। স্টোর থেকে কাউন্টিং হলে নিয়ে যাওয়ার সময় ইভিএম মেশিন বদলের পরিকল্পনা করেছে, নজর রাখতে হবে। অবহেলা করবেন না।'
দলের নেতা, কর্মীদের বললেন, তিনি না জানানো পর্যন্ত কেউ যেন গণনা কেন্দ্র না ছাড়েন।
&list=PLPUDe3o_aeFe18_P3rREaq8Tt-MempCAX















