আজকাল ওয়েবডেস্ক: শুক্রবারেই জানা গিয়েছিল, কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠকে বসছেন অভিষেক ব্যানার্জি, শনিবার। তার কয়েকঘণ্টা পর জানা গেল, কেবল অভিষেক নয়, অভিষেক ব্যনার্জি এবং মমতা ব্যানার্জি দু'জনেই শনিবার ভার্চুয়াল বৈঠক করবেন কাউন্টিং এজেন্টদের সঙ্গে। এর আগে, শুক্রবার কালীঘাটে মমতা-অভিষেক বৈঠক করেন বলেই খবর সূত্রের।
বৃহস্পতিবারেই গণনায় কারচুপির আশঙ্কা প্রকাশ করেছিলেন খোদ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, ভবানীপুরের প্রার্থী মমতা ব্যানার্জি। সন্ধে থেকে মাঝরাত্তির পর্যন্ত কার্যত রাস্তায় ছিলেন তিনি। ঠিক তারপরের দিনেই জানা গেল, কাউন্টিং এজেন্টদের সঙ্গে গণনার আগেই বৈঠকে বসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সূত্রের খবর তেমনটাই। সূত্রের খবর, ওই বৈঠকে হাজির থাকতে পারেন দলীয় নেতারাও।
বৃহস্পতিবার দলীয় নেতাদের সতর্ক করে মমতা ব্যানার্জি সাফ জানান, 'আমি দু'দিন ধরে সারারাত ঘুমাইনি। বিজেপি এত করেও মানুষকে মানুষের অধিকার থেকে বঞ্ছিত করতে পারল না। তাই বিজেপি শেষ খেলাটা খেলেছে, উল্টো পাল্টা বলে কর্মীদের মনোবল যাতে ভেঙে যায়।'
কর্মীদের উদ্দেশে বললেন, 'কাউন্টিকে যাতে সবাই ভালভাবে পাহারা দেয় আজ থেকেই, আমি সেটা বলব। দরকার হলে আমিও আমার এলাকায় পাহারা দিতে নামব। সব তৃণমূল প্রার্থীদের বলব, নিজেরা পাহারা দিন। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের বেলায় নিজেরা পাহারায় থাকুন। আমি যদি পাহারা দিতে পারি, আপনারাও পাহারা দিন। স্টোর থেকে কাউন্টিং হলে নিয়ে যাওয়ার সময় ইভিএম মেশিন বদলের পরিকল্পনা করেছে, নজর রাখতে হবে। অবহেলা করবেন না।'
দলের নেতা, কর্মীদের বললেন, তিনি না জানানো পর্যন্ত কেউ যেন গণনা কেন্দ্র না ছাড়েন। তার কয়েকঘণ্টা পরে, পথে নামেন খোদ মমতা। বৃষ্টির মধ্যেই তিনি প্রথমে যান ভবানীপুর বিধানসভার স্ট্রং রুম শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। সেখান থেকে তৃণমূল নেত্রীর যাওয়ার কথা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।
রাত ১২টার পর মমতা ব্যানার্জি বলেন, 'এখানে আমার কেন্দ্রের ইভিএম রয়েছে। নেতাজি ইন্ডোর-সহ অনেক জায়গায় ইভিএম নিয়ে কারচুপির ফুটেজ সামনে এসেছে। বাইরের লোক এসে পোস্টাল ব্যালট এদিক ওদিক করছে, তাই আমি আমার কেন্দ্রে এসেছি।'
এরপরই চড়া সুরে মমতা ব্যানার্জি বললেন, 'মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করলেন, তার স্বচ্ছতা বজায় থাকা জরুরি। গণনায় কারচুপির চেষ্টা করলে বরদাস্ত করব না।'
তারপরের দিনেই জানা গেল, শনিবার দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বৈঠকে বসছেন কাউন্টিং এজেন্টদের সঙ্গে। তাঁরা কীভাবে সেদিন সারাদিন দায়িত্ব পালন করবেন, তা ছক কষে বুঝিয়ে দিতে পারেন বলে খবর সূত্রের।















