আজকাল ওয়েবডেস্ক: ভোটের ফল প্রকাশের পরই রক্তাক্ত মুর্শিদাবাদের ডোমকল। নির্বাচন সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে আম জনতা উন্নয়ন পার্টির এক সমর্থককে গুলি করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত এক দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের ডোমকল থানার অন্তর্গত জুগিন্দা রথতলা পাড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে গুলিবিদ্ধ ওই আম জনতা উন্নয়ন পার্টি সমর্থকের নাম শফিকুল ইসলাম( ৪০)। বর্তমানে তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আম জনতা উন্নয়ন পার্টির ওই সমর্থকদের গলার কাছে গুলি লেগেছে।
একুশের বিধানসভা নির্বাচনে ডোমকল বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী জাফিকুল ইসলাম। তবে এবছর ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রাক্তন পুলিশকর্তা ডঃ হুমায়ুন কবীর। অন্যদিকে, আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী ছিলেন মহম্মদ মোশারফ হোসেন। যদিও এদের দু'জনের কেউই এবারের নির্বাচনে জয়ী হতে পারেননি। ডোমকল কেন্দ্র থেকে জয়ী হয়েছেন সিপিআইএম প্রার্থী মহম্মদ মোস্তাফিজুর রহমান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে পেশায় পোল্ট্রি ফার্ম ব্যবসায়ী শফিকুল ইসলাম নিজের বাড়ি ফিরে আসছিলেন। সেই সময়ে মধু শেখ নামে এলাকার এক তৃণমূল সমর্থক তাঁকে লক্ষ্য করে হঠাৎই গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় শফিকুল রাস্তায় পড়ে গেলে তাঁর আর্ত চিৎকার শুনে এলাকার অন্যান্য বাসিন্দারা ছুটে আসেন। সেই সময় মধু ওই এলাকা থেকে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ শফিকুলকে প্রথমে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেন ।
আম জনতা উন্নয়ন পার্টির ডোমকল টাউন সভাপতি মহম্মদ জাকির হোসেন বলেন," কয়েকজন প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে আমি জানতে পেরেছি মধু শেখ নামে এক তৃণমূল কর্মী আমাদের দলের সমর্থক শফিকুল ইসলামকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। কিন্তু কী কারনে এই গুলি চালানোর ঘটনা তা এখনও আমরা বুঝতে পারছি না।"
তিনি দাবি করেন," এবারের নির্বাচনে শফিকুল ইসলাম আম জনতা উন্নয়ন পার্টির হয়ে এলাকায় প্রচার করেছিল।।সম্ভবত সেই রাগ থেকেও তৃণমূল প্রার্থীর পরাজয়ের পর গতকাল তাঁকে খুন করার চেষ্টা হয়েছে। শফিকুলের সঙ্গে ওই তৃণমূল দুষ্কৃতীর কোনও পুরনো শত্রুতা ছিল কিনা তা আমার জানা নেই। "















