সদ্যই ফ্রেন্ডশিপ ডে পালিত হয়েছে, আর সেদিনই মেয়ের স্মৃতির উদ্দেশ্যে এক মহিলা একটি ভিডিও পোস্ট করেন, সেখানেই দেখা যাচ্ছে এক কিশোরী হাসপাতালের বিছানায় শুয়েই গান গাইছে। বর্তমানে সেই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল। কিন্তু কেন? নেপথ্যে রয়েছে কোন ঘটনা?
যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে জিয়া হাসপাতালের বিছানায় আধশোয়া হয়ে রয়েছে। হাতে চ্যানেল। কিন্তু তার মধ্যে সে উকুলেলে বাজিয়ে গান গেয়ে চলেছে। সঙ্গে হাসপাতালের কেবিনে উপস্থিত থাকা বাকিরাও তার সঙ্গে গলা মেলান। সকলে একসঙ্গে 'পুরনো সেই দিনের কথা' গানটি গান।
এদিন এই ভিডিও পোস্ট করে দেবশ্রী পাল সিনহা লেখেন, 'দেবলোকে পাড়ি দেওয়ার আগে জিয়ার শেষ গান। তুমি হয়তো তোমার শেষ সুর বাজিয়ে গিয়েছ। কিন্তু স্মৃতি থেকে গিয়েছে। তুমি তোমার হাসি দিয়ে অনেকের মুখে হাসি ফোটাতে, এমনকী তোমার কঠিন সময়েও। তুমি সবসময় আমাদের মনে থেকে যাবে। অনেক ভালবাসি তোমায় মা।'
বর্তমানে এই ভিডিওটি ফেসবুকে লক্ষাধিক ভিউজ পেয়েছে, বহু মানুষ শেয়ার করেছেন। আর সকলেই জানিয়েছেন জিয়ার গান শুনে তাঁদের চোখ ভিজে গিয়েছে। মর্মস্পর্শী এই ভিডিও নেটনাগরিকদের মন ছুঁয়ে গিয়েছে।
এক ব্যক্তি লেখেন, 'এই ভিডিও দেখে একজন মা হয়ে ঠিক কী যন্ত্রণা হল বলে বোঝাতে পারব না। ভাল থেকে তুমি।' দ্বিতীয় এক ব্যক্তি লেখেন, 'ও এখনও একই ভাবে উকুলেলে বাজাচ্ছে হয়তো।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'ঈশ্বর কখনও কখনও এত নিষ্ঠুর হন। ভিডিওটা দেখে নিজেকে সামলে রাখতে পারলাম না।' অনেকে আবার জিয়ার মাকে শক্ত থাকার বার্তা দিয়েছেন।
















