আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার হাওড়ায় প্রশাসনিক বৈঠকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনের বৈঠকে আইনশৃঙ্খলা নিয়ে বড়সড় নীতিগত পরিবর্তনের কথা জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, এখন থেকে কোনও অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়লে তাদের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, বৈধ কাগজপত্র ছাড়া কেউ ধরা পড়লে এতদিন আদালতে পাঠানো হত।

এদিন মুখ্যমন্ত্রী জানান, এবার থেকে যদি বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ে তাহলে তাদের আদালতে না পাঠিয়ে সরাসরি বিএসএফের মাধ্যমে সীমান্ত পার করে দেওয়া হবে।

শুভেন্দু বলেন, ‘পুলিশ কমিশনারকে এবং আরপিএফকে বলে দেওয়া হয়েছে, হাওড়া স্টেশনে কোনও বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে তাঁকে কোর্টে পাঠাবেন না। ভাল করে খাওয়াদাওয়া করিয়ে সোজা বনগাঁ পেট্রাপোল সীমান্তে নইলে বসিরহাটে বাংলাদেশ মিলিটারির কাছে পাঠনোর ব্যবস্থা করুন।’

কড়া নির্দেশ দেওয়া হয়েছে, ধৃতদের বসিরহাট বা বনগাঁর পেট্রাপোল সীমান্তে নিয়ে গিয়ে বাংলাদেশ মিলিটারির হাতে তুলে দেওয়া হবে। প্রতি সপ্তাহে এই সংক্রান্ত রিপোর্ট মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।