আজকাল ওয়েবডেস্ক: বঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা শনিবার। শুক্রবার রাতের পর শনিবারও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
প্রবল ঝড়বৃষ্টির জন্য শুক্রবার নির্দিষ্ট সময়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে পারেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কপ্টার। নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর শাহের কপ্টার কলকাতায় নামে। শনিবার কলকাতায় কর্মসূচি রয়েছে তাঁর। আর শনিবারও কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৪.৪ ডিগ্রি কম।
শুক্রবারের ঝড়ে একাধিক এলাকায় গাছ উপচে পড়েছে। বিদ্যুৎ সংযোগ ছিল না একাধিক জায়গায়। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। একই পূর্বাভাস জারি করা হয়েছে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং নদিয়ায়। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এমনকী শিলাবৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলিতে। রবি এবং সোমবার ঝড়বৃষ্টির পরিমাণ কমবে। সোমবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
শনিবারের পর দক্ষিণবঙ্গে ফের ঝড়বৃষ্টি বাড়তে পারে মঙ্গলবার। মঙ্গলবার দক্ষিণের সব জেলায় ৪০ থেকে কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সমুদ্র রয়েছে উত্তাল। শনিবার পর্যন্ত তাই উত্তর ওড়িশা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঝড়বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে আগামী দু’দিনে দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমবে। তার পর ধীরে ধীরে বাড়বে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত।
এদিকে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত। আপাতত দু’দিন তাপমাত্রা কিছুটা কমে ফের উত্তরবঙ্গের পারদও ঊর্ধ্বমুখী হবে। তবে রবি ও সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে ফের মঙ্গলবার।
হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা ০.৯ কিলোমিটার। এছাড়া, উত্তর–পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তা ঘূর্ণাবর্তের উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। তাই জন্যই ঝড়বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে।















