মনিরুল হক, কোচবিহার: মেখলিগঞ্জের তিনবিঘা করিডর পরিদর্শনে গিয়ে বিএসএফ আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন স্থানীয় বিজেপি বিধায়ক দধিরাম রায়। শনিবার বৈঠকের আগে ও পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সীমান্ত নিরাপত্তা, তারকাঁটার বেড়া নির্মাণ এবং ভারত-বাংলাদেশ চুক্তি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি।

বিধায়ক জানান, তিনবিঘা করিডর এলাকায় সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতেই তিনি সেখানে গিয়েছিলেন। পরিদর্শনের পাশাপাশি বিএসএফ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন সীমান্ত সুরক্ষা ও বর্তমান পরিস্থিতি নিয়ে। তিনি দাবি করেন, জিরো পয়েন্ট এলাকায় তারকাঁটার বেড়া দেওয়ার পরিকল্পনা থাকলেও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর তরফে বাধা দেওয়া হচ্ছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

দধিরাম রায়ের বক্তব্য, ভারত ও বাংলাদেশের মধ্যে যে সীমান্ত চুক্তি রয়েছে, তা উভয় দেশকেই মেনে চলতে হবে। যদি বাংলাদেশ সেই চুক্তি মানতে অস্বীকার করে, তাহলে ভবিষ্যতে তিনবিঘা করিডর সম্পর্কিত চুক্তিও প্রশ্নের মুখে পড়তে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক বলেন, “চুক্তি যদি একতরফাভাবে লঙ্ঘন করা হয়, তাহলে পরিস্থিতি অন্যদিকে যেতে পারে। সীমান্ত সুরক্ষা নিয়ে কোনও আপস করা হবে না।” তিনি আরও জানান, বাংলাদেশ যদি নিয়ম না মেনে বাধা সৃষ্টি করে, তাহলে দলীয়ভাবে আলোচনা করে তিনবিঘা করিডর বন্ধ করার সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

এই মন্তব্য ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। কারণ তিনবিঘা করিডর ভারত ও বাংলাদেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোগ এলাকা। দীর্ঘদিনের চুক্তির ভিত্তিতে এই করিডর ব্যবহৃত হয়ে আসছে এবং সীমান্ত এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে এই করিডর সরাসরি যুক্ত।

বিধায়ক আরও অভিযোগ করেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে গেলে বারবার নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। তাই কেন্দ্রীয় সরকার ও সীমান্তরক্ষী বাহিনীকে আরও কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানান তিনি।

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বাংলাদেশের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিএসএফের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। তবে সীমান্ত নিরাপত্তা ও আন্তর্জাতিক চুক্তি নিয়ে দধিরাম রায়ের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।