আজকাল ওয়েবডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে অবৈধভাবে থাকার অপরাধে আটক হওয়া বাংলাদেশি এবং রোহিঙ্গা নাগরিকদের প্রত্যর্পণ বা নিজেদের দেশে ফেরৎ পাঠানোর প্রক্রিয়া সুনির্দিষ্ট করতে জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। গত ২৩ মে রাইটার্স বিল্ডিংয়ের ফরেনার্স ব্রাঞ্চ থেকে রাজ্যের সমস্ত জেলাশাসকের কাছে এই সংক্রান্ত একটি জরুরি নির্দেশিকা পাঠানো হয়েছে।

সন্দেহভাজনদের আটক করে ‘হোল্ডিং সেন্টার’-এ ৩০ দিন পর্যন্ত রাখা যাবে। এছাড়া এ দেশে অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গা বা বাংলাদেশি যারা আগে ধরা পড়েছিলেন এবং বন্দি ছিলেন, যাঁদের দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে, তাঁদেরও ‘হোল্ডিং সেন্টার’-এ রাখা যাবে।

কেন্দ্রীয় সরকার,২০২৫ সালে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরৎ পাঠানোর নির্দেশিকা আগেই জারি করেছিল। কিন্তু মমতা সরকার সেদিকে গুরুত্ব দেয়নি। রাজ্যপাটে বদলের পরই এবার কেন্দ্রীয় নির্দেশিকা কার্যকর করতে উদ্যোগী শুভেন্দু সরকার। সেই নির্দেশিকা মেনেই জেলায় জেলায় ‘হোল্ডিং সেন্টার’তৈরির জন্য জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশিকার প্রতিলিপি রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ আধিকারিকদের কাছেও অবিলম্বে পদক্ষেপের জন্য পাঠানো হয়েছে। প্রাপকদের তালিকায় রয়েছেন,

নির্দেশিকা প্রাপকের তালিকা: 

* পশ্চিমবঙ্গের ডিআইজি ও আইজিপি
* সব পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার
* কলকাতার ফরেন রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিসার 
* রাজ্যের সব পুলিশ জেলার পুলিশ সুপার