আজকাল ওয়েবডেস্ক: কামালগাজিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার ভোর চারটে নাগাদ নরেন্দ্রপুর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে কামালগাজি বাইপাস সংলগ্ন ফ্লাইওভারের নিচে একটি ফুলের দোকানে আগুন লাগে। তার সঙ্গেই ছিল একটি গুমটি ঘর ও সাইকেল গ্যারাজ। সেখানে থাকতেন এক বৃদ্ধা। সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন, ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। দাউ দাউ করে আগুন জ্বলছে ফুলের দোকান ও গুমটিতে। খবর দেওয়া হয় দমকলে। তবে দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগেই আগুন ছড়িয়ে যায় গ্যারাজে। বেশ কয়েকটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। গুমটিতে থাকা বৃদ্ধা আগুনে পুড়ে মারা গেছেন। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। বৃদ্ধার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান দমকলের।
Fire: কামালগাজিতে অগ্নিকাণ্ডে পুড়ে মৃত বৃদ্ধা
















