সমীর ধর, আগরতলা: টি২০ ক্রিকেট বিশ্বকাপ জয়ের উল্লাস ত্রিপুরায় কেড়ে নিল আরও ২ যুবকের প্রাণ। ঘটনা মন্দির নগরী উদয়পুরের। বুধবার দুপুরের পর রোহিত বিরাট বুমরাদের জন্য গাড়ি বাইকের বিজয় মিছিল বের করেছিলেন একদল যুবক। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বোলেরো গাড়ির পিছনে রড ধরে ঝুলতে থাকা অবস্থাতেই আনন্দ করছিলেন বেশ কয়েকজন। সবার বয়স ২০ থেকে ২৫-এর মধ্যে। হঠাত্ই একটি ক্লাবের সামনে রড ভেঙে ৪ জন পড়ে যান রাস্তায়। একজনের মৃত্যু হয় সঙ্গে সঙ্গেই। উদয়পুর জেলা হাসপাতাল হয়ে আগরতলা জিবি হাসপাতালে আনার পর রাত ১০টা নাগাদ মৃত্যু হয় আকাশ সূত্রধর নামে আরেক যুবকের। নিহত ২ জনের বাড়িই মুড়াবাড়ি এলাকায়। এ ছাড়া আহত হন ২ জন। তাদের একজনকে আঘাত গুরুতর হওয়ায় জিবিতে এনে চিকিৎসা করা হচ্ছে। এ নিয়ে বিশ্বকাপ জয়ের উন্মাদনায় রাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪। আহত ৪ জন। বিশ্বকাপ জয়ের রাতেই আগরতলার রাস্তায় বাইক ছুটিয়ে আনন্দ করতে গিয়ে স্কুটারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ যায় রাতুল বণিক নামে এক তরুণের। এ ছাড়া সাব্রুমে খেলা দেখে টিভি বন্ধ করতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হয় আরও একজনের।