আজকাল ওয়েবডেস্ক:‌ ১৮ বছর পর টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে গেল ওয়েস্ট ইন্ডিজ। সোমবার ক্যারিবিয়ান দল ইসলামাবাদে পৌঁছয়। শেষবার ২০০৬ সালে ক্যারিবিয়ানরা টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল পাকিস্তানে। যদিও দু’‌বার একদিনের সিরিজ খেলতে এর মধ্যে পাকিস্তানে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। 


সিরিজ শুরুর আগে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ১০ থেকে ১২ জানুয়ারি খেলতে হবে পাকিস্তান শাহিনসের বিরুদ্ধে। আর প্রথম টেস্ট হবে ১৭ জানুয়ারি মুলতানে। ২৫ জানুয়ারি থেকে দ্বিতীয় টেস্টও হবে মুলতানেই। এই সিরিজের মধ্য দিয়েই শেষ হবে ২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর্ব। তবে এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে গুরুত্বপূর্ণ নয়। কারণ দুই ফাইনালিস্ট ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে। খেলবে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকা।


ওয়েস্ট ইন্ডিজ দলে রয়েছেন:‌ ক্রেগ ব্রেথওয়েট (‌অধিনায়ক)‌, অ্যালিক আথানাজে, কেসি কার্টি, জোশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, টেভিম ইমলাচ, আমির জাঙ্গু, মিখাইল লুইস, গুদাকেশ মুটি, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জাইডেন সিলস, কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিক্যান।