আজকাল ওয়েবডেস্ক: ওয়াকায় অনুশীলনে নেমে পড়েছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার থেকেই। প্রথম দিন নেট সেশনে দেখা না গেলেও বুধবার নেট সেশনে ছিলেন বিরাট।
নেটে ব্যাট করতে দেখা গেছে বিরাটকে। আর যেহেতু ক্লোজড ডোর অনুশীলন হচ্ছে, তাই বিরাট ভক্তদের বুধবার দেখা যায় স্টেডিয়ামের ঠিক বাইরে থাকা গাছের উপরে উঠতে। কোহলির অনুশীলন দেখাটাই আসল চাওয়া। অনেকেই চোখে দূরবীন লাগিয়ে বিরাটকে দেখার চেষ্টা করছিলেন। অস্ট্রেলিয়ান মিডিয়ার দাবি, বিরাটকে নিয়ে উন্মাদনা থাকাটাই স্বাভাবিক। মিডিয়ার আরও দাবি, নেটে যথেষ্ট সাবলীল দেখিয়েছে বিরাটকে। পেসারদের পাশাপাশি স্পিনারদের বিরুদ্ধেও ভাল ভাল শট খেলেছেন বিরাট।
এদিকে, শুক্রবার থেকে রবিবার অবধি ভারতীয় দলের অনুশীলনে মিডিয়াকে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সাধারণ মানুষরাও পারবেন বিরাটদের অনুশীলন দেখতে। অস্ট্রেলিয়ান মিডিয়ার দাবি, গত মঙ্গলবার থেকে ক্লোজড ডোর অনুশীলন করছিল ভারতীয় দল। কিন্তু বিসিসিআই জানিয়েছে, এরকম কোনও নির্দেশ টিম ইন্ডিয়াকে দেওয়া হয়নি। ভারতীয় টিম ম্যানেজমেন্টও জানিয়েছে, শুক্রবার থেকে অনুশীলন দেখার অনুমতি মিলবে।
এদিকে, রোহিত এখনও অস্ট্রেলিয়া যাননি। মুম্বইয়েই অনুশীলন করছেন। কবে তিনি অস্ট্রেলিয়া যাবেন, সে ব্যাপারে সরকারিভাবে বিসিসিআইও কিছু জানায়নি। সূত্রের খবর, পার্থ টেস্টের সময়েই রোহিতের স্ত্রী’র সন্তান হওয়ার সম্ভাবনা। দ্বিতীয়বার বাবা হতে চলেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। সেকারণেই সম্ভবত এখনও অস্ট্রেলিয়া উড়ে যাননি হিটম্যান।
















