আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার চেন্নাইয়ের চিপকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জিম্বাবোয়ের মুখোমুখি হচ্ছে ভারত। এই ম্যাচটি ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত ম্যাচে বড় ব্যবধানে হেরে কঠিন পরিস্থিতিতে পড়েছে টিম ইন্ডিয়া। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে পরাজিত হয়।
দক্ষিণ আফ্রিকা ৭৬ রানের বড় জয় তুলে নেয়। ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবোয়ের বিরুদ্ধে ১০৬ রানের বিশাল জয় পেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
এর ফলে সুপার এইট পর্বে টিকে থাকতে হলে ভারতের সামনে এখন কঠিন সমীকরণ। সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে ভারতকে বাকি দুই ম্যাচই বড় ব্যবধানে জিততে হবে।
এই অবস্থায় জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচটি যদি বৃষ্টিতে ভেস্তে যায়, তবে তা ভারতের সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে বড় ধাক্কা দেবে। তবে সমীকরণ অনুযায়ী সেমিফাইনালের আশা পুরোপুরি শেষ হবে না।
যদি জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায় তাহলে ভারতের ভাগ্য অনেকটাই নির্ভর করবে দক্ষিণ আফ্রিকার ওপর। দক্ষিণ আফ্রিকা যদি জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ দু’দলকেই হারাতে পারে, সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় পেলেই ভারতের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে।
তবে বর্তমানে পরিস্থিতিতে বৃহস্পতিবারের ম্যাচটি ভারতের জন্য কার্যত ‘ডু অর ডাই’ ম্যাচ। জিম্বাবোয়ের কাছে হারলেই বিশ্বকাপ থেকে কার্যত বিদায়। কারণ সেক্ষেত্রে বাকি ম্যাচের রেজাল্ট এবং নেট রানরেটের ওপর নির্ভর করতে হবে।
শ্রীলঙ্কায় বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে সুপার এইটের একটা ম্যাচ। যার প্রভাব পড়ে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ওপর। ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ নির্ধারিত সময় শুরু হয়নি।
এবার বৃষ্টির থাবা কি পড়তে পারে ভারত-জিম্বাবোয়ে ম্যাচে? আবহাওয়া পূর্বাভাস কী বলছে? চেন্নাইয়ের আবহাওয়া পূর্বাভাস ক্রিকেট ভক্তদের কোনওভাবেই নিরাশ করবে না।
বৃহস্পতিবার বৃষ্টির কোনও আগাম পূর্বাভাস নেই। আকাশ পরিষ্কার থাকবে। তাপমাত্রা ২৬-২৮ ডিগ্রির মধ্যে থাকার কথা। সর্বোচ্চ ৩২ ডিগ্রি হতে পারে। আর্দ্রতা ৭০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে।
যার ফলে বড় ভূমিকা নিতে পারে শিশির। তবে শিবিরের প্রকোপ যাতে কম থাকে, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিদেশ থেকে আমদানি করা একটি কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। যার নাম 'ডিউ কিওর।'
একটি সর্বভারতীয় চ্যানেলের রিপোর্টে এমনই জানানো হয়েছে। এই বিশেষ কেমিক্যাল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছে। মঙ্গলবার এবং বুধবার মাঠে 'ডিউ কিওর' স্প্রে করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরেও চেন্নাইয়ের মাঠে এই বিশেষ কেমিক্যাল স্প্রে করা হবে। যাতে ভারত-জিম্বাবোয়ে ম্যাচে শিশিরের প্রকোপ কম পড়ে। জিম্বাবোয়ে ম্যাচের আগে রিঙ্কু সিংকে নিয়ে চিন্তা ছিল ভারতীয় শিবিরে।
কিন্তু ম্যাচের আগের দিন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সিতাংশু কোটাক জানিয়ে দেন, বুধবার বিকেলেই দলের সঙ্গে যোগ দেবেন রিঙ্কু। জিম্বাবোয়ে ম্যাচের আগে বুধবার চেন্নাইয়ে সাংবাদিক সম্মেলনে সিতাংশু কোটাক বলেন, 'রিঙ্কু সিং বিকেলের মধ্যে দলের সঙ্গে যোগ দেবে। ওর বাবার অসুস্থতার জন্য বাড়ি ফিরে গিয়েছিল।'
মঙ্গলবার চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে প্র্যাকটিসে যোগ দেননি রিঙ্কু। বাকিরা উপস্থিত ছিলেন। তারকা ক্রিকেটারের বাবা খানচাঁদ সিং দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। অবস্থা সঙ্কটজনক।
সেই কারণে আচমকা ফিরতে হয় তাঁকে। রিঙ্কু হঠাৎ ফিরে যাওয়ায় তাঁর জিম্বাবোয়ে ম্যাচে খেলা নিয়ে সংশয় তৈরি হয়। কিন্তু পরিবারের সঙ্গে মাত্র একদিন কাটিয়েই ফেরেন তারকা ক্রিকেটার। চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দেন।
















