আজকাল ওয়েবডেস্ক: শ্রীলঙ্কার হেড কোচ সনৎ জয়সূর্য ভারতের দুই প্রাক্তন কোচকে কৃতিত্ব দিচ্ছেন। ফিল্ডিং কোচ শ্রীধর ও ব্যাটিং কোচ বিক্রম রাঠোর দ্বীপরাষ্ট্রের ক্রিকেটকে সাহায্য করেছেন বিশ্বকাপের আগে। অস্ট্রেলিয়াকে হারিয়ে শ্রীলঙ্কা সুপার এইটের ছাড়পত্র জোগাড় করে ফেলেছে। জয়সূর্য মনে করেন, দুই ভারতীয় প্রাক্তন কোচের আইপিএল অভিজ্ঞতা কাজে লেগেছে শ্রীলঙ্কার। 

জয়সূর্য বলছেন, ''আর শ্রীধর আমাদের ফিল্ডিং কোচ। বিক্রম রাঠোর আমাদের ব্যাটিং কোচ। দু'জনেই আমাদের দারুণ সাহায্য করেছেন। অনুশীলনে আমরা যা করতে চেয়েছি, ওঁরা সেই মতোই আমাদের সাহায্য করেছে। আমাদের ফিল্ডিংয়ের জন্য দারুণ হয়েছে। তাঁর আইপিএল অভিজ্ঞতা কাজে লেগেছে। ক্রিকেটারদের সঙ্গে বেশ ভাল ভাবে কাজ করেছেন। আমরা ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস জুগিয়েছি। কখনও কখনও, কোচ হিসেবে, আমরা ব্যাটিং ইউনিট নিয়ে হতাশ হতে পারি, কিন্তু তবুও আমরা খেলোয়াড়দের আত্মবিশ্বাস জুগিয়ে গিয়েছি। বিক্রম এবং শ্রীধর সত্যিই ভাল।'' 

দুর্দান্ত শুরু করেও অস্ট্রেলিয়া ১৮১ রানে থেমে যায়। পাথুম নিশাঙ্কা ৫২ বলে অপরাজিত সেঞ্চুরি করে শ্রীলঙ্কাকে জয় এনে দেন। 

অস্ট্রেলিয়ানরা আগ্রাসী ক্রিকেট খেলে থাকে। অজি ব্যাটারদের কীভাবে বল করতে হবে, সেই সম্পর্কে জয়সূর্য বার্তা দিয়েছিলেন। সেই তথ্য ফাঁস করেছেন জয়সূর্য। শ্রীলঙ্কার প্রাক্তন ব্যাটার বলেছেন, ''আমার মনে হয় আমরা গতির পরিবর্তন এবং যতটা সম্ভব ধীরগতির বল করতে চেয়েছিলাম। বল উইকেটে পড়ে থেমে থেমে আসছিল। বোলাররা দুর্দান্ত কাজ করেছে।'' 

গ্রুপ পর্বে একটা ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কা সুপার এইটে পৌঁছে গেলেও, তাদের কিছু উদ্বেগ রয়েছে। চোটের জন্য ওয়ানিন্দু হাসারাঙ্গার ছিটকে যাওয়ার পর পাথিরানার ফিটনেস নিয়ে ঘাম ঝরাতে হবে শ্রীলঙ্কার সাপোর্ট স্টাফকে।