আজকাল ওয়েবডেস্ক: গুজরাট টাইটান্সের কাছ থেকে বেতন কম নেবেন বলে স্থির করে ফেলেছেন শুভমান গিল। আসন্ন আইপিএলে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। ভাল দল গড়ার জন্য এবং ভাল প্লেয়ারদের নিয়ে দলগঠন করার জন্য শুভমান গিল নিজেই নাকি গুজরাট টাইটান্সের কাছে টাকা কম নেওয়ার
প্রস্তাব দিয়েছেন।
আগামিকাল রিটেনশন লিস্ট জমা দেওয়ার শেষ তারিখ। জানা গিয়েছে গুজরাট টাইটান্স রিটেন করবে রশিদ খানকে। তিনি প্রথম পছন্দ। তার পরে রয়েছেন শুভমান গিল, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া এবং শাহরুখ খান।
২০২২ সালে আইপিএলে আবির্ভাব ঘটে গুজরাট টাইটান্সের। প্রথম মরশুমে চ্যাম্পিয়ন হয় তারা। দ্বিতীয় মরশুমে চেন্নাই সুপার কিংসের কাছে ফাইনালে হেরে রানার্স হয় গুজরাট।
সেই সময়ে গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন ছিলেন হার্দিক পাণ্ডিয়া। গত বছর পাণ্ডিয়া চলে যান মুম্বই ইন্ডিয়ান্সে। গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন হন গিল। তাঁর ক্যাপ্টেন্সিতে ভাল ফল করেনি গুজরাট। নতুন মরশুমে গিলকেই ক্যাপ্টেন করে গুজরাট। শক্তিশালী দল গড়ার জন্য গিল নিজের বেতন কমাতেও আগ্রহী।
রিটেনশনের নিয়ম অনুযায়ী প্রথম পছন্দের যে প্লেয়ারকে ধরে রাখবে কোনও ফ্র্যাঞ্চাইজি, সেই ক্রিকেটার পাবেন ১৮ কোটি টাকা। দ্বিতীয় ক্রিকেটার পাবেন ১৪ কোটি টাকা। ১১ কোটি টাকা পাবেন তৃতীয় পছন্দের ক্রিকেটার। আনক্যাপড প্লেয়াররা পাবেন ৪ কোটি টাকা।
















