আজকাল ওয়েবডেস্ক: শনিবার থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। রোহিত শর্মা ও বিরাট কোহলিকে দেখা যাবে মেগা টুর্নামেন্টে। কিন্তু দেশের হয়ে তাঁরা খেলবেন কবে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। এই তারকা বর্তমানে ওয়ানডে ফরম্যাট খেলছেন। রো-কো জুটির লক্ষ্য এখন ২০২৭ বিশ্বকাপের দলে থাকা। ২০২৬-২৭ মরশুমের জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ভারতের সূচি ঘোষণা করেছে। আর সেই সূচি ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে ঘরের মাঠে আবার ক্রিকেট উৎসবের বাদ্যি বেজে গেল। বাংলার বড় প্রিয়, বড় আবেগের ইডেন গার্ডেন্স আবার তার চিরচেনা রূপে জেগে উঠবে। ২০২৭ সালের, ৩ জানুয়ারি ইডেন গার্ডেন্সে ভারতের মুখোমুখি জিম্বাবোয়ে। রোহিত শর্মা ও বিরাট কোহলি ওয়ানডে বিশ্বকাপের আগে পাচ্ছেন ৯টি ওয়ানডে।
ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে ও অস্ট্রেলিয়া খেলতে আসবে ভারতের মাটিতে। ১৭টি শহরে ২২টি আন্তর্জাতিক ম্যাচ হবে।
ভারতের মাটিতে এই চারটি দলকে কঠিন পরীক্ষার সামনে পড়তে হবে।
দেশের ১৭টি শহর যেন এক একটি অধ্যায়, যেখানে প্রতিটি ম্যাচ একটি গল্প, প্রতিটি ইনিংস একটি কবিতা।
তিরুঅনন্তপুরম থেকে গুয়াহাটি, লখনউ থেকে বেঙ্গালুরু—দেশের বিভিন্ন প্রান্তে দেখা যাবে ব্যাট-বলের লড়াই।
ওয়েস্ট ইন্ডিজের ভারত সফর দিয়ে শুরু হচ্ছে এই ক্রিকেট মরশুম। সেপ্টেম্বরে ভারত সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। চলতি বছরের ২৭ সেপ্টেম্বর ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডের বল গড়াবে। ভারতের মাটিতে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ক্যারিবিয়ানরা।
ডিসেম্বরে ভারত সফরে আসবে শ্রীলঙ্কা। ১৩ ডিসেম্বর প্রথম ওয়ানডে ভারত-শ্রীলঙ্কার। ভারতের মাটিতে দ্বীপরাষ্ট্র তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে।
নতুন বছরের জানুয়ারির ৩ তারিখ ইডেনে প্রথম ওয়ানডেতে মুখোমুখি ভারত ও জিম্বাবোয়ে। জিম্বাবোয়ে তিনটি ওয়ানডে খেলবে এই সিরিজে।
অস্ট্রেলিয়া আবার পাঁচটি টেস্ট ম্যাচ খেলার জন্য ভারতের মাটিতে আসছে নতুন বছরে। ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ২১ জানুয়ারি। বল গড়াবে নাগপুরে।















