আজকাল ওয়েবডেস্ক: ব্রেন্ডন হ্যামিল, হেক্টর ইউস্তেকে আগেই ছেড়ে দিয়েছে মোহনবাগান। এবার বিদেশি ডিফেন্ডার টম অ্যালড্রেডকে সই করাল সবুজ মেরুন। ৩৩ বছরের ইংল্যান্ডের ফুটবলারকে এবার বাগান রক্ষণের দায়িত্বে দেখা যাবে। মঙ্গলবার দুপুরে তাঁর সইয়ের আনুষ্ঠানিক ঘোষণা করে মোহনবাগান। ৬ ফুট ২ ইঞ্চির দীর্ঘ চেহারার এই ডিফেন্ডারের শেষ ক্লাব ব্রিসবেন রোর। গত পাঁচ বছর সেখানেই খেলেন। অস্ট্রেলিয়ার ক্লাবের হয়ে একশোর বেশি ম্যাচ খেলেছেন। এছাড়াও ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের বিভিন্ন ক্লাবে খেলেছেন। মোহনবাগানে যোগ দিতে পেরে খুশি ইংলিশ ডিফেন্ডার। টম বলেন, 'আমি মোহনবাগানে যোগ দিতে পেরে খুবই খুশি। সবুজ মেরুন জার্সি পরতে পারা সম্মানের। মাঠে নামার জন্য উদগ্রীব। আমি ইংল্যান্ড, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়ায় খেলেছি। এবার ভারতে খেলব। আইএসএল এবং এসিএলে শতাব্দীপ্রাচীন ক্লাবের প্রতিনিধিত্ব করার অপেক্ষায়। আমি মোহনবাগানের ইতিহাস সম্বন্ধে অবগত। প্রত্যেক ম্যাচে নিজের সেরাটা দেওয়ার জন্য তৈরি। ক্লাবকে সাফল্য, ফ্যানদের আনন্দ দিতে চাই। ভারতে যাওয়ার অপেক্ষায়।' নতুন বিদেশি ডিফেন্ডার প্রসঙ্গে মোহনবাগান কোচ জোস মলিনা বলেন, 'টম অ্যালড্রেড অভিজ্ঞ ফুটবলার। ও আমাদের রক্ষণ আরও জোরদার করবে। বড় চেহারা এবং আগ্রাসী মনোভাব। এরিয়াল বলে খুব ভাল। বিল্ড আপ প্লেতেও টেকনিক ভাল।' জর্ডন এলসির পরিবর্তে টম অ্যালড্রেডকে পেতে ঝাঁপিয়েছিল ইস্টবেঙ্গলও। কিন্তু শেষপর্যন্ত দলবদলের বাজারে আরও একবার চমক দিল মোহনবাগান।