আজকাল ওয়েবডেস্ক: ৩৭তম জন্মদিন টিম হোটেলে সতীর্থদের সঙ্গে কাটালেন লিওনেল মেসি। কিন্তু রোজারিও থেকে বাঘাযতীন, সাত সমুদ্র তেরো নদী পার করেও চলল সেলিব্রেশন। অন্যান্যবারের মতো মেসির জন্মদিন পালন করা হল কলকাতায়। সৌজন্যে আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব। সোমবার বিকেলে বাঘাযতীনের রবীন্দ্রপল্লী ক্লাবে পালিত হল বিশ্বকাপজয়ী অধিনায়কের জন্মদিন। চার বাই তিন ফুটের, অর্থাৎ ৮০ পাউন্ডের একটি বিশাল আয়তনের কেক কাটা হয় ক্লাবের সদস্যদের উপস্থিতিতে। মাঠের আদলে তৈরি কেক। চারদিকে সাদা নীল বর্ডার। দুটো গোল পোস্টও আর্জেন্টিনার জার্সির রঙে। মাঝে বড় করে লেখা মেসি। সেন্টার লাইনে বসানো ছোট্ট বল। দুই অর্ধে লেখা 'হ্যাপি বার্থডে।' টেবিল সাজানো সাদা-নীল বেলুনে। পেছনের ব্যাকগ্রাউন্ডেও একই রঙের বেলুন। দু'দিকে বিশ্বকাপ হাতে মেসির পোস্টার। সেখানে লেখা, 'লিওনেল মেসির ৩৭তম জন্মদিন।' ক্লাবের সদস্য এবং মেসি ভক্তদের উপস্থিতিতে আর্জেন্টিনার এই ফ্যান ক্লাব তাঁদের প্রিয় তারকার জন্মদিন সেলিব্রেট করল। আর্জেন্টিনার ফ্যান ক্লাবের সদস্য প্রজ্ঞান সাহা বলেন, 'এবারের জন্মদিন স্পেশাল। কারণ কেরিয়ারের সায়াহ্নে চলে এসেছেন মেসি। বিশ্বকাপ দিয়েছেন আর্জেন্টিনাকে। তাই বিশেষ সেলিব্রেশন। সবাই মিলে ৮০ পাউন্ডের কেক কেটেছি। আশা করছি কোপাতেও আর্জেন্টিনা ভাল রেজাল্ট করবে।' মেসির প্রথম বিশ্বকাপ, অর্থাৎ ২০০৬ সাল থেকেই লিওর জন্মদিন পালন করছে বাঘাযতীনের এই ফ্যান ক্লাব। গত ১৭ বছরে একবারও মিস হয়নি।
Lionel Messi: কোপায় সাফল্যের আশা নিয়ে মেসির জন্মদিন পালন করল কলকাতার আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব
















