আজকাল ওয়েবডেস্ক: দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের আজ জন্মদিন। জন্মদিনে বড় পুরস্কার তাঁকে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আইসিসি-র 'হল অফ ফেমে' অন্তর্ভুক্ত করা হয়েছে তাঁকে। এর ফলে এই সম্মান পাওয়া ভারতীয় ক্রিকেটারদের তালিকায় নতুন সংযোজন তিনি। 

এর আগে ২০০৯ সালে প্রথমবারের মতো তিন ভারতীয় ক্রিকেটার বিষেণ সিং বেদি, কপিল দেব এবং সুনীল গাভাসকর আইসিসি 'হল অফ ফেমে' জায়গা পেয়েছিলেন। এর পরে বিভিন্ন সময়ে অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়, শচীন তেণ্ডুলকর, বিনু মানকড়, ডায়না এডুলজি, বীরেন্দ্র শেহবাগ, নীতু ডেভিড 'হল অফ ফেম'-এ জায়গা পান। ২০২৫ সালে মহেন্দ্র সিং ধোনির পরে এই বছর সৌরভকে 'হল অফ ফেমে' অন্তর্ভুক্ত করা হল। 

ভারতীয় দলের হয়ে দীর্ঘদিন প্রতিনিধিত্ব করা সৌরভ গঙ্গোপাধ্যায় ১৯৯৬ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেকেই শতরান করে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের আবির্ভাবের ঘোষণা করেছিলেন। তাঁর নেতৃত্বে ভারতীয় ক্রিকেট নতুন দিশা পেয়েছিল এবং তিনি দেশের অন্যতম সফল অধিনায়ক হিসেবে পরিচিতি লাভ করেন।

ক্রিকেটের বাইরেও প্রশাসনিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সৌরভ। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

আইসিসি 'হল অফ ফেমে' জায়গা পাওয়ার মাধ্যমে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দীর্ঘ ও বর্ণময় ক্রিকেট কেরিয়ারে যোগ হল আরও একটি পালক। 

দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার এসএ ২০ প্রতিযোগিতায় প্রিটোরিয়া ক্যাপিটালসের হেড কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।