আজকাল ওয়েবডেস্ক: কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার রুমেশ থারাঙ্গা পাথিরাগে। স্কটস্টাউন স্টেডিয়ামে ৮৯.৭৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে তিনি জিতে নেন সোনা। এটি কমনওয়েলথ গেমসে পুরুষদের জ্যাভলিনে শ্রীলঙ্কার প্রথম সোনা। হতে চেয়েছিলেন ক্রিকেটার। কিন্তু হয়ে গেলেন জ্যাভলিন থ্রোয়ার। সেই ক্রিকেটারের কাছে হার মানলেন অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়া।
টোকিও অলিম্পিকের সোনাজয়ী ভারতের নীরজ চোপড়া ৮৫.৮৩ মিটার থ্রো করে রুপো পান। ভারতের যশ বীর সিং ৮৫.৪১ মিটার ছুড়ে ব্রোঞ্জ পদক পান।
প্যারিস অলিম্পিকের ব্রোঞ্জজয়ী গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স ৮৩.৮৮ মিটার নিয়ে চতুর্থ স্থানে শেষ করেন। অন্যদিকে, অলিম্পিক চ্যাম্পিয়ন পাকিস্তানের আরশাদ নাদিম প্রত্যাশা পূরণ করতে না পেরে ৭৭.৪১ মিটার থ্রো করে নবম স্থানে থাকেন।
পদক জয়ের পর আবেগাপ্লুত পাথিরাগে বলেন, “শ্রীলঙ্কার হয়ে প্রথম জ্যাভলিন স্বর্ণপদক জিততে পেরে আমি অত্যন্ত আনন্দিত। দেশের জাতীয় সঙ্গীত বাজতে শুনে গর্বে ভরে উঠেছিলাম। এই পদক আমার কাছে সবকিছু।”
প্রতিযোগিতার সময় প্রবল হাওয়া বড় চ্যালেঞ্জ ছিল বলেও জানান তিনি। তাঁর কথায়, “আবহাওয়া খুব কঠিন ছিল। তবে অন্যদের দূরত্বের সঙ্গে প্রতিযোগিতা না করে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।”
পাথিরাগে একজন প্রাক্তন ফাস্ট বোলার এবং বর্তমানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অলিম্পিক সলিডারিটি স্কলারশিপপ্রাপ্ত অ্যাথলিট। এই সাফল্যের পর ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে তাঁকে পদকের অন্যতম দাবিদার হিসেবে দেখা হচ্ছে।
















