আজকাল ওয়েবডেস্ক: সামনেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। দেশের প্রাক্তন ক্রিকেটার পার্থিব প্যাটেল মনে করেন, বিশ্বের যে কোনও দলকে টেস্টে হারানোর ক্ষমতা রাখে ভারত।
২০২১ এর পর ২০২৩ সাল। দু’বারই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত। প্রথমবার নিউজিল্যান্ড। দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। এবার পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত। বাংলাদেশকে দুরমুশ করে রোহিত শর্মারা শীর্ষস্থান ধরে রেখেছেন। হাতে আছে আর আটটি টেস্টে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি। তার মধ্যে চারটি জিতলেও এবারও নিশ্চিত ফাইনাল।
এই পরিস্থিতিতে পার্থিব বলেছেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে কিরকম পিচে খেলেছে তা জানি না। চেন্নাই কিংবা কানপুরের উইকেট নিয়ে কিচ্ছু বলব না। কিন্তু ভারতীয় দলটার দিকে তাকিয়ে দেখুন। উইকেট নিয়ে এই দল ভাবে না। বিশ্বের যে কোনও দলকে যে কোনও পরিস্থিতিতে হারানোর ক্ষমতা এই দলের আছে।’ তিনি আরও বলেছেন, ‘ভারত কিন্তু নিউজিল্যান্ডকেও উড়িয়ে দেবে।’
ভারত–নিউজিল্যান্ড সিরিজ শুরু হচ্ছে ১৬ অক্টোবর। পার্থিব বলেছেন, ‘ভারত এই সিরিজটাও ৩–০ জিতবে। তবে ভারতের এই সিরিজে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মিচেল স্যান্টনার ও আজাজ প্যাটেল। এই দু’জনের বিরুদ্ধে ভারত আগে সমস্যায় পড়েছে।’
