আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গল প্রো টি-২০ লিগের প্রথম সংস্করণেই হাড্ডাহাড্ডি লড়াই। সোমবার ইডেনে রেকর্ড ব্রেকিং ম্যাচে মাত্র ১ রানে শ্রাচী রাঢ় টাইগার্সকে হারাল অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সের ছেলেদের দল। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২১৫ রান তোলে হাওড়া। এই প্রথম বেঙ্গল প্রো লিগে এত হাই-স্কোরিং ম্যাচ। ৫৫ রান করেন পঙ্কজ শ, ৫৪ রান সক্ষম চৌধুরীর।হাড্ডাহাড্ডি ম্যাচের শেষে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৪ রানে থামে রাঢ় টাইগার্স। ৮৫ রানে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারলেন না শাহবাজ আহমেদ। অরিন্দম ঘোষের ৫৮ রান এবং সুমন্ত গুপ্তর ৪০ রান কাজে এল না। রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র এক রানে জিতলেও শেষ চারে যাওয়া হল না হাওড়ার। ৬ ম্যাচে চার পয়েন্টে শ্রাচী রাঢ় টাইগার্সের। ৭ ম্যাচে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সের পয়েন্ট ৮। রানরেটের বিচারে সেমিফাইনালে অভিষেক পোড়েলের কলকাতা। বেঙ্গল প্রো টি-২০ লিগের প্রথম সংস্করণে ছেলেদের বিভাগে চার সেমিফাইনালিস্ট হল সোবিস্কো স্ম্যাশার্স মালদা, রেশমি মেদিনীপুর উইজার্ডস, মুর্শিদাবাদ কিংস এবং লাক্স স্যাম কলকাতা টাইগার্স।
