আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আচমকাই ইউ টার্ন পিসিবির। এক দিন আগেই পিসিবি প্রধান মহসিন নকভি জানিয়েছিলেন, পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। কোনও হাইব্রিড মডেল তারা মানতে রাজি নয়। এখন শোনা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সোজা নয়, বাঁকা রাস্তা বা পিছনের দরজা দিয়ে কোনও সমাধানসূত্র বের করতে চাইছে পিসিবি।
আইসিসি সূত্র বলছে, ভারতকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি করতে চায় না পাকিস্তানও। তাই ভারত নিয়ে কোনও কথা না বলে হাইব্রিড মডেলের কথাই ভাবতে শুরু করেছে পিসিবি। সূত্রের খবর, কয়েক দিনের মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ করতে চলেছে আইসিসি। সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘এখনও আলোচনা চলছে। কটা দল নিয়ে টুর্নামেন্ট হবে। শীঘ্রই সূচি প্রকাশিত হবে।’
সোমবারই লাহোরের গদ্দাফি স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছিলেন নকভি। সেখানেই তিনি বলেন, ‘ভারতের চিন্তার কোনও কারণ নেই। ভারতের সমস্যাগুলোর সমাধান করতে প্রস্তুত আমরা। সব দলই তো খেলতে আসছে পাকিস্তানে।’ তিনি আরও বলেন, ‘পাকিস্তানে খেলা নিয়ে ভারত চিন্তিত হলে কথা বলুক আমাদের সঙ্গে। আমরা সেরা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব। তাই ভারতের পাকিস্তানে আসা নিয়ে কোনও সমস্যা থাকতে পারে বলে মনে করি না।’ তিনি আরও বলেন, ‘খেলার সঙ্গে রাজনীতিকে মিলিয়ে ফেলা উচিত নয়।’ এরপরই তিনি বলেন, ‘চাইব আইসিসি দ্রুত সূচি প্রকাশ করুক। তাহলে আমাদের প্রস্তুতি নিতে আরও সুবিধা হবে। আমরা যাবতীয় বিষয় আইসিসিকে জানিয়েছি। এখন আইসিসির উত্তরের অপেক্ষায় রয়েছি।’
















