আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটে সাফল্য পেলেও গৌতম গম্ভীর বরাবরই এক বিতর্কিত চরিত্র।
এবার তাঁর ব্যক্তিত্ব ও আচরণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসন।
এক সাক্ষাৎকারে ওয়াসন দাবি করেছেন, গম্ভীরের 'ইগো অন্য মাত্রার' এবং ভারতীয় দলের কয়েকজন ক্রিকেটার তাঁর কোচিং ও পরিচালন পদ্ধতিতে সন্তুষ্ট নন।
যদিও তিনি কোনও ক্রিকেটারের নাম প্রকাশ করেননি।
এক সাক্ষাৎকারে ওয়াসন বলেন, ছোটবেলা থেকেই গম্ভীরের স্বভাব ছিল অত্যন্ত আগ্রাসী। তাঁর কথায়, ''আমি ওকে ছোটবেলা থেকে চিনি। দিল্লি ক্রিকেটে ও অনেককে গালমন্দ করত। ও যা বলবে,সেটাই বলতে হবে। ও যদি সকালকে রাত বলে, তাহলে সবাইকে সেটাই বলতে হবে।''
ওয়াসন আরও দাবি করেন, গম্ভীর অত্যন্ত আত্মবিশ্বাসী ও একরোখা স্বভাবের। তিনি বলেন, “কেউ যদি ওর বিরোধিতা করে, তাহলে গম্ভীরের হিট লিস্টে চলে যায়।''
তবে গম্ভীরের এই আক্রমণাত্মক মানসিকতাই তাঁকে সফল ক্রিকেটার হতে সাহায্য করেছে বলেও মনে করেন ওয়াসন। তাঁর মতে, ''লড়াই না করলে গম্ভীর নিজের সেরাটা দিতে পারত না। কিন্তু অবসর নেওয়ার পরও সেই মানসিকতা থেকে বেরোতে পারেনি।''
এই প্রসঙ্গে বিরাট কোহলি-র সঙ্গে গম্ভীরের অতীত সংঘাতের কথাও টেনে আনেন ওয়াসন। তিনি বলেন, ''অতিরিক্ত আগ্রাসনের জন্য গম্ভীর বারবার কোহলির সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ত।''
ভারতীয় দলের ড্রেসিংরুম নিয়েও বড় দাবি করেছেন ওয়াসন। তাঁর মতে, দলের সবাই গম্ভীরের অধীনে স্বস্তিতে নেই। তিনি বলেন, ''সব খেলোয়াড় যে খুব খুশি, তা নয়। কেউ কেউ চাপের মধ্যে আছে। তবে দল জিতলে কোচের সিদ্ধান্তই শেষ কথা হয়ে যায়।''
যদিও অসন্তুষ্ট ক্রিকেটারদের নাম প্রকাশ করতে অস্বীকার করেন ওয়াসান। তাঁর বক্তব্য, ''আমি এক-দু'জনের কথা জানি, কিন্তু তারা প্রকাশ্যে কিছু বলবে না। তবে সবাই বুঝতে পারছে ভেতরে কী চলছে।''
















