আজকাল ওয়েবডেস্ক: ১৩ জুলাই কলকাতা লিগের ডার্বি। মরশুমে প্রথমবার মুখোমুখি হবে মোহনবাগান-ইস্টবেঙ্গল। ম্যাচের ভেন্যু এবং সময় এখনও জানানো হয়নি। তবে ধরে নেওয়া যায় সন্ধেয় যুবভারতীতেই ডার্বি হবে। কলকাতা লিগের চতুর্থ রাউন্ডে মুখোমুখি হবে দুই প্রধান। শনিবার কলকাতা লিগের প্রাথমিক সূচি প্রকাশ করল আইএফএ। ২৫ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত ম্যাচের সূচি প্রকাশিত হয়েছে। ২৫ জুন কিশোর ভারতী স্টেডিয়ামে লিগের প্রথম ম্যাচে উয়ারী অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে নামবে আগের মরশুমের কলকাতা লিগ চ্যাম্পিয়ন মহমেডান স্পোর্টিং। তার আগে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। ৩০ জুন ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ টালিগঞ্জ অগ্রগামী। ব্যারাকপুর স্টেডিয়ামে দুপুর তিনটেয় ম্যাচ। ২ জুলাই ব্যারাকপুর স্টেডিয়ামে ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে ঘরোয়া লিগে অভিযান শুরু করবে মোহনবাগান। খেলা শুরু দুপুর তিনটেয়।‌ মোহনবাগানের বাকি ম্যাচগুলো ৬ জুলাই (আসোস রেনবো), ১৩ জুলাই (ইস্টবেঙ্গল), ১৮ জুলাই (পিয়ারলেস) এবং ২৩ জুলাই (ক্যালকাটা পুলিশ ক্লাব)। ইস্টবেঙ্গলের ম্যাচ ৩০ জুন (টালিগঞ্জ অগ্রগামী), ৭ জুলাই (জর্জ টেলিগ্রাফ), ১৩ জুলাই (মোহনবাগান), ১৬ জুলাই (ক্যালকাটা কাস্টমস ক্লাব), ২২ জুলাই (রেলওয়ে ফুটবল ক্লাব) এবং ২৬ জুলাই (পুলিশ অ্যাটলেটিক ক্লাব)। মহমেডান নামবে ২৫ জুন (উয়ারী অ্যাথলেটিক ক্লাব), ১ জুলাই (খিদিরপুর), ৫ জুলাই (কালীঘাট মিলন সংঘ), ৯ জুলাই (আর্মি রেড), ১৪ জুলাই (সাদার্ন সমিতি), ২০ জুলাই (ইউনাইটেড স্পোর্টস ক্লাব) এবং ২৫ জুলাই (মামনি অ্যান্ড আশিয়ানা গ্রুপ পাঠচক্র)। ২৭ জুন ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে অভিযান শুরু করবে ডায়মন্ড হারবার।