রোদ থেকে বাঁচতে নিয়ম করে সানস্ক্রিন ব্যবহার করছেন, তবুও ত্বকে ট্যান পড়ছে-এমন অভিযোগ অনেকেরই। ত্বক বিশেষজ্ঞদের মতে, সানস্ক্রিন ব্যবহার করলেই হবে না, সেটি সঠিকভাবে ব্যবহার না করলে এর কার্যকারিতা অনেকটাই কমে যায়। ফলে ত্বক রোদে ক্ষতিগ্রস্ত হয় এবং কালচে হয়ে যেতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে সাধারণ ভুলগুলির মধ্যে অন্যতম হল কম পরিমাণে সানস্ক্রিন ব্যবহার করা। অনেকেই শুধু নামমাত্র লাগান, ফলে ত্বকের সব অংশ সুরক্ষিত হয় না। মুখের পাশাপাশি গলা, হাত ও অন্যান্য খোলা অংশেও সমানভাবে লাগানো জরুরি।
এছাড়া বাইরে বেরনোর ঠিক আগে সানস্ক্রিন লাগানোও একটি বড় ভুল। চিকিৎসকদের মতে, সানস্ক্রিন লাগানোর পর অন্তত ১৫-২০ মিনিট সময় দেওয়া উচিত, যাতে এটি ত্বকের সঙ্গে ভালভাবে মিশে গিয়ে সুরক্ষা দিতে পারে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, সানস্ক্রিন বারবার ব্যবহার না করা। একবার লাগিয়ে সারাদিন নিশ্চিন্ত থাকলে চলবে না। ঘাম, ধুলো বা জল লাগলে এর প্রভাব কমে যায়। তাই প্রতি ২-৩ ঘণ্টা অন্তর সানস্ক্রিন ফের লাগানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
অনেকেই মনে করেন, মেঘলা দিনে বা ঘরের ভেতরে থাকলে সানস্ক্রিনের প্রয়োজন নেই। কিন্তু বিশেষজ্ঞদের মতে, সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি মেঘ ভেদ করেও আসে এবং জানালা দিয়ে ঘরের ভেতরেও ঢুকতে পারে। তাই প্রতিদিনই সানস্ক্রিন ব্যবহার করা উচিত।
এছাড়া সঠিক এসপিএফ নির্বাচন করাও অত্যন্ত জরুরি। খুব কম এসপিএফ ব্যবহার করলে ত্বক ঠিকভাবে সুরক্ষিত হয় না। সাধারণত এসপিএফ ৩০ বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।
চিকিৎসকদের মতে, এই ছোট ছোট ভুলগুলো ঠিক করলে সানস্ক্রিন আরও কার্যকর হবে এবং ট্যান পড়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে। তাই ত্বক ভাল রাখতে হলে শুধু সানস্ক্রিন ব্যবহার নয়, সঠিক নিয়ম মেনে ব্যবহার করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।















