আজকাল ওয়েবডেস্ক: রান্নাঘরের টাইলস, দেওয়াল জুড়ে রান্নার জেদি তেল মশলার দাগ বা গ্যাস ওভেন থেকে বাসনে কালি পড়লে ময়লা পরিষ্কার করতে কালঘাম ছুটে যায়। আর সেই পরিষ্কারের ঠেলায় বাসন মাজার সময় একগাদা সাবান শেষ হয়েও হাতের যন্ত্রণা শুরু হয়ে যায়। তবুও বাসন থেকে কালো পোড়ার দাগ উঠতেই চায় না। জমে থাকা কালিতে রান্না করা দায় হয়। যদি আপনি সাধারণ ঘরে উপস্থিত সাবান দিয়ে পরিষ্কারের চেষ্টায় বিরক্ত হয়ে হাল ছেড়ে দেন, তবে সমাধানও কিন্তু আছে। আমরাই বলে দেব কিছু সহজ টোটকা যা দিয়ে আপনি চটজলদি ও সহজেই সেইসব নোংরা পরিস্কার করে ফেলতে পারেন। সময়ও বাঁচবে এবং আপনার কষ্টও কম হবে। হাতের কাছেই রয়েছে কিছু ঘরোয়া উপায় যা শুধু বাসন ঝকঝকে করবে না, বাড়ির অন্য সব জায়গার নোংরা পরিস্কার করতেও অব্যর্থ। জেনে নিন কীভাবে বানাবেন এই মিশ্রণটি।

একটি বড় বাটিতে অর্ধেক অংশ সমান লিক্যুইড ডিশ ওয়াশ জেল নিন। দু'চামচ ভরে টুথপেস্ট দিন। ঘন থকথকে পেষ্ট তৈরি না হওয়া পর্যন্ত চামচ দিয়ে মেশাতে থাকুন। এক গ্লাস জলে এক চামচ বেকিং সোডা মিশিয়ে দিন। সেই জল ডিশ ওয়াশ জেলের মিশ্রণে মিশিয়ে নিন। আবার সম্পূর্ণ মিশ্রনটি ভাল করে মিশিয়ে স্প্রে বোতলে ঢেলে রাখুন। 

রান্নাঘরের যে কোনও অ্যালুমিনিয়ামের বাসনের পেছনে পোড়া দাগের উপর স্প্রে করে ছিটিয়ে দিন এই মিশ্রণটি। ১০ মিনিট রেখে রগড়ে দিলেই দাগ ম্যাজিকের মতো গায়েব হয়ে যাবে। অতিরিক্ত কোনও পরিশ্রম ছাড়াই। শুধু বাসনে নয়, বাড়িতে ব্যবহৃত বেসিনের অবাঞ্ছিত দাগ, দূর্গন্ধ দূর করতেও এই মিশ্রণ একাই একশো।

ডিশ ওয়াশ জেল শুধু বাসন মাজার জন্যই নয়, রান্নাঘর কিংবা বাসনকোসনের আটকে না থেকে ঘরের নানা সামগ্রী থেকে বিভিন্ন জায়গার জেদি দাগ পরিষ্কার করতেও সেই ডিশ ওয়াশই ব্যবহার হয়ে থাকে।