আজকাল ওয়েব ডেস্কঃ অত্যধিক ওজন বেড়ে যাওয়ায় নানা শারীরিক সমস্যায় ভুগতে হয়েছে বিদ্যা বালনকে। অভিনেত্রী নিজেই জানিয়েছেন তার কথা। মাঝে অনেকটাই ওজন বেড়েছিল তার। শরীরচর্চা, ডায়েট করে ওজন কমানোর চেষ্টা করেও তেমন লাভ হয়নি। সম্প্রতি ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে ফের ‘মঞ্জুলিকা’র চরিত্র নিয়ে ফিরে এসেছেন বিদ্যা। তাকে দেখে বোঝা যাচ্ছে যে উনি অনেকটাই ওজন ঝরিয়েছেন। ঠিক কী কারণে ওজন বেড়েছিল, তা জানিয়েছেন নিজেই। অভিনেত্রীর কথা অনুযায়ী,  নানা রকম শারীরিক পরীক্ষানিরীক্ষা করিয়ে জানা গিয়েছে যে, মারাত্মক প্রদাহ বা ‘ইনফ্লামেশন’ হয়েছিল তার শরীরে। এই প্রদাহের কারণেই শরীর ফুলে যাচ্ছিল তার। চিকিৎসক ও পুষ্টিবিদের পরামর্শ নিয়ে সঠিক ডায়েট ও ওষুধপত্র নিয়ম মেনে খেয়েই তার অতিরিক্ত মেদ ও ওজন বশে এসেছে। সকলকে এই ইনফ্ল্যামেশন ড্রিঙ্ক খাওয়ার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী নিজেই। বলেছেন কীভাবে বানাবেন এই ড্রিঙ্ক। জেনে নিন।

একটি সসপ্যানে জল ফুটতে দিন। জল ফুটতে শুরু করলে ৭-৮ গোটা গোলমরিচ, এক চামচ করে মৌরি, জিরে ও জোয়ান দিয়ে দিন। পাঁচ মিনিট ভাল করে অল্প আঁচে আবার ফুটিয়ে নিন। ঈষৎ উষ্ণ হলে কাপে ছেঁকে নিন। প্রতিদিন নিয়ম করে এই পানীয় সকালে খালি পেটে খেলে আপনার শরীরের মেদ মোমের মতো গলে যাবে। 

মৌরি জল গ্যাস্ট্রো এনজাইম তৈরি করতে সাহায্য করে। এর ফলে গ্যাস, অম্বল, পেট ফাঁপার সমস্যা দূর হয়। মৌরি দেওয়া জল এক প্রকার দেশি ডিটক্স ওয়াটার। শরীরে রক্ত পরিশুদ্ধির কাজ করে। নিয়মিত এই জল পান করলে এটি শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থ দূর করে দেয়। এতে শরীর রোগ মুক্ত থাকে। ওজন কমাতে সাহায্য করে এই মৌরি জল। জিরে ভেজানো জল ও জোয়ান ভেজানো জল শরীরের বিপাক ক্রিয়াকে উন্নত করে এবং আমাদের খাবারকে ভাল ভাবে হজম করতে সাহায্য করে, তবে এর অর্থ এই নয় যে এটি ওজন হ্রাস করবে।