আজকাল ওয়েবডেস্কঃ কমলা লেবুর খোসা একেবারেই অকেজো নয় বরং অবিশ্বাস্য গুণ আছে এই ফলের খোসায়। লেবু খেয়ে দুম করে খোসা ফেলে দেবেন না। কোলাজেন সমৃদ্ধ এই খোসা দিয়ে ত্বকের পরিচর্যা করলে ত্বক সতেজ ও সুন্দর হয়। কীভাবে বানাবেন এই ফেস প্যাক জেনে নিন। 

কমলালেবুর খোসা ছাড়িয়ে সামান্য দুধ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। তৈলাক্ত ত্বকের জন্য এক্ষেত্রে গোলাপ জল দিতে হবে। খোসার পেষ্টে এক চামচ চালের গুঁড়ো ও এক চামচ মধু দিন। খুব ভাল করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি স্নানের আগে মুখে মাখুন। শুকিয়ে গেলে ঈষৎ উষ্ণ গরম জলে মুখ ধুয়ে ফেলুন। 

কমলালেবুর খোসায় রয়েছে নানা ধরনের ভিটামিন এবং অ্যান্টিঅক্সিড্যান্ট, যা ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ন্ত্রণে রাখে। তা ছাড়া অক্সিডেটিভ স্ট্রেস থেকে ত্বকে যে ধরনের ক্ষতি হতে পারে, তা-ও রুখে দিতে পারে এই উপাদান। বয়ঃসন্ধিতে ব্রণের সমস্যায় ভোগেন অনেকেই। ঘরোয়া নিম, হলুদের প্যাকেও যদি সমস্যা দূর না হয়, সে ক্ষেত্রে কমলালেবুর খোসা কিন্তু দারুণ বিকল্প হতে পারে। ত্বকের আর্দ্রতা বজায় রাখতেও সাহায্য করে কমলালেবুর খোসা। কমলালেবুর খোসার মধ্যে যে ধরনের অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে, তা ত্বকের হারানো জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করে। ত্বকের মধ্যে থাকা গ্রন্থি থেকে তেল বা সেবাম বেরিয়ে মুখের ছোট ছোট ছিদ্রগুলি বুজিয়ে দেয়। সেখাান থেকে মুখে সংক্রমণ বাড়তে পারে। কমলালেবুর খোসায় যে ধরনের অ্যাসিড রয়েছে, তা এই ছিদ্র বা পোর্‌সগুলি পরিষ্কার করতে সাহায্য করে।