আজকাল ওয়েবডেস্ক: কুড়িগ্রামের উলিপুরে এক গৃহবধূকে একই তেঁতুল গাছের মগডাল থেকে বারবার উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে বাংলাদেশে। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই আনন্দবাজার এলাকায় সোমবার ভোর রাতে ৪৫ বছর বয়সী সাজেদা বেগম নামের ওই মহিলাকে একটি উঁচু তেঁতুল গাছের ৮০ ফুট উঁচু একেবারে ওপরের ডালে বসে থাকতে দেখা যায়। খবরটি মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়লে উৎসুক বহু মানুষ তাঁকে একনজর দেখতে গাছের নিচে ভিড় জমাতে থাকেন। সাজেদা বেগম ওই এলাকার আবু সাঈদের স্ত্রী এবং তিন সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাছের নিচে মানুষের উপস্থিতি ও ভিড় বাড়তে দেখে সাজেদা বেগম ধীরে ধীরে ডাল বেয়ে নিচে নামতে শুরু করেন। তবে নিচে নেমে সোজা না হেঁটে তিনি হঠাৎ করেই পাশের একটি গভীর পুকুরে লাফিয়ে পড়েন। পরবর্তীতে বুকসমান পানি সাঁতরে পুকুরের পাড়ে উঠে তিনি নিজের মতো করে চলে যান। স্বজনদের দাবি, একে একে এ নিয়ে চারবার তাঁকে একই তেঁতুল গাছ থেকে উদ্ধার করা হল। এর আগে গত ৬ মে তিনি নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে সেখান থেকে নামানোর চেষ্টা করেছিলেন, তখনও তিনি উদ্ধারকারীদের দেখে একইভাবে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন।

মাত্র এক মাসের ব্যবধানে আবার একই গাছে চড়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে কৌতূহল ও নানা চর্চার সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের একাংশের দাবি, সাজেদা বেগম দীর্ঘদিন ধরেই এক অলৌকিক ও অস্বাভাবিক আচরণ করে আসছেন এবং তাঁদের ধারণা, কথিত ‘জিনের আছর’-এর কারণেই তিনি বারবার এমন কাণ্ড ঘটাচ্ছেন। তবে বারবার কেন তিনি একইভাবে উঁচু গাছের মগডালে উঠে বসে থাকছেন, তা নিয়ে এলাকায় রহস্য ও নানা আলোচনার সৃষ্টি হয়েছে।