আজকাল ওয়েবডেস্ক: চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ার পর গণপিটুনি থেকে বাঁচতে অদ্ভুত কায়দা অবলম্বন করলেন এক যুবক। ভূত ভর করেছে বলে চোখ মুখ উল্টে নাটক শুরু করেন তিনি। তবে নাটকের সত্যতা যাচাই করতে স্থানীয়রা তার সামনে কাঁচা মাছ দিলে, পিটুনি এড়াতে শেষ পর্যন্ত সেই কাঁচা মাছই চিবিয়ে খেতে বাধ্য হন তিনি! ভয়ংকর অথচ হাস্যরসাত্মক এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের রায়পুরে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।
ভাইরাল ভিডিও থেকে জানা যায়, রাতের অন্ধকারে চুরি করতে ঢুকে হাতেনাতে ধরা পড়েন ওই যুবক। ধরা পড়ার পরপরই উপস্থিত জনতার ক্ষোভ ও মারধরের হাত থেকে নিজেকে বাঁচাতে তিনি অভিনব কৌশল খাটান। আকস্মিকভাবেই চোখ বড় বড় করে বিকট আওয়াজ করতে থাকেন এবং দাবি করেন যে তাকে 'ভূতে ধরেছে'।
যুবকের এমন কাণ্ড দেখে প্রথমে উপস্থিত স্থানীয়রা কিছুটা থমকে যান ও ঘাবড়ে যান। তবে কিছুক্ষণ পরই বিষয়টি সন্দেহজনক মনে হলে যুবকের ভণ্ডামি বা নাটক ধরা ফেলার জন্য একটি পরীক্ষা চালান স্থানীয়রা। তারা যুবককে পরীক্ষা করতে তার হাতে একটি জ্যান্ত কাঁচা মাছ তুলে দেন।
উপস্থিত লোকজনের হাত থেকে কোনওমতে নিজের পিঠ বাঁচাতে যুবকটি আর পিছপা হননি। সবাই যখন ভেবেছিলেন তিনি পিছিয়ে যাবেন, তখন সবাইকে তাক লাগিয়ে চোরের নাটক বজায় রাখতে তিনি সবার সামনেই কাঁচা মাছটি চিবিয়ে খাওয়া শুরু করেন। ঘটনার আকস্মিকতায় উপস্থিত সবাই তাজ্জব বনে যান। পুরো বিষয়টি সেখানে থাকা কেউ একজন ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
ভিডিওটি নেটিজেনদের মধ্যে ব্যাপক হাসির খোরাক জোগাচ্ছে। চুরি করতে গিয়ে ধরা পড়ে শাস্তির হাত থেকে বাঁচতে যুবকের এই চরম অভিনব কাণ্ড এখন নেটদুনিয়ায় চর্চার অন্যতম প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে।
















