প্যারিসের ১৭তম অ্যারোন্ডিসমেন্টের পোর্তে দে ক্লিশি এলাকার কাছে দিনের আলোতে ঘটল এক ভয়াবহ ঘটনা। গত সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ দুই হাতে দুটি বড় রান্নাঘরের ছুরি নিয়ে তিন মহিলার ওপর অতর্কিত হামলা চালায় এক ব্যক্তি। হামলায় ১৯, ২৪ এবং ৩৬ বছর বয়সী তিন মহিলাই পিঠে ও পেটে গুরুতর জখম হন। আহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা বলেও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী তরুণ মহম্মদ-আলি বুহাদজার জানান, এক মহিলাকে পিঠে ছুড়ি মারতে দেখে তিনি চিৎকার করে আশপাশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। ঠিক সেই মুহূর্তে সাধারণ পথচারীরা সাহসিকতার পরিচয় দেন। একজন এক পথচারী হামলাকারীর দিকে একটি সুটকেস ছুড়ে মারলে তার হাত থেকে ছুরি দুটি ছিটকে পড়ে। তখনই উপস্থিত জনতা তাকে ধরে ফেলে মাটিতে আছড়ে ফেলে চড়াও হয় এবং আটকে রাখে। পরবর্তীতে ঘটনাক্রমে সেখানে উপস্থিত থাকা এক অফ-ডিউটি পুলিশ অফিসার এগিয়ে এসে হামলাকারীকে নিজের হেফাজতে নেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ক্রিম রঙের ট্র্যাকসুট পরা দীর্ঘ চুলের ওই ব্যক্তি দুই হাতে দুটি বড় ছুরি নিয়ে তাড়া করছে। অন্য একটি ক্লিপে দেখা যায়, মাটিতে আটকে রাখার পর আততায়ী চিৎকার করে বলছে, "আল্লাহ আমাকে এই আদেশ দিয়েছেন"।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে দুজনের আঘাত গুরুতর হলেও কারও জীবন সংশয় নেই। সাহসিকতার সঙ্গে আততায়ীকে কাবু করার জন্য ওই অফ-ডিউটি পুলিশ অফিসার ও সাধারণ পথচারীদের তিনি ধন্যবাদ জানান। তবে গ্রেপ্তারের সময় ধৃত ব্যক্তি অসংলগ্ন কথাবার্তা বলছিল, ফলে তার পরিচয় ও হামলার নেপথ্য কারণ এখনো স্পষ্ট নয়। এটি কোনও  জঙ্গি হামলা কি না, তা খতিয়ে দেখতে ন্যাশনাল অ্যান্টি-টেররিস্ট প্রসিকিউটর অফিস ও স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে।