আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েল যদি লেবাননে সামরিক হামলা অব্যাহত রাখে, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে দাঁড়াতে পারে ইরান। এমনটাই জানানো হয়েছে এক প্রতিবেদনে।

ইরানের সংবাদ সংস্থা তাসনিম সূত্রে জানা গিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণার পরেও ইজরায়েলের হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে তেহরানের তরফে।

বর্তমানে গোটা পরিস্থিতি পর্যালোচনা করছে ইরান প্রশাসন। জানা গিয়েছে, লেবাননে হামলা বন্ধ না হলে যুদ্ধবিরতি নিয়ে ইরান তাদের প্রতিশ্রুতি পুনর্বিবেচনা করতে পারে।

ইরানের দাবি, যুদ্ধবিরতি চুক্তির আওতায় সব ফ্রন্টে সংঘর্ষ বন্ধ থাকার কথা ছিল। যার মধ্যে লেবাননের ‘ইসলামিক রেজিস্ট্যান্স’-এর বিরুদ্ধেও কোনও অভিযান না চালানোর বিষয়টি অন্তর্ভুক্ত। তবে ইজরায়েল এখনও তাদের সামরিক অভিযান চালু রেখেছে। ইরানের দাবি, এই ঘটনা যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

অন্যদিকে, ইজরায়েলি বাহিনী জানিয়েছে, তারা বেইরুট, বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননে ১০ মিনিটের মধ্যে ১০০টিরও বেশি লক্ষ্যে হামলা চালিয়েছে। গত ছ’সপ্তাহ ধরে চলা সংঘাতের মধ্যে এটিকে সবচেয়ে বড় আক্রমণ হিসেবে দাবি করা হয়েছে ইজরায়েলের তরফে।

যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা পরেই লেবাননে ভয়ঙ্কর হামলা ইজরায়েলের। এর জেরেই আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান। গতকাল রাতে লেবাননে হিজবোল্লার ঘাঁটিতে ইজরায়েলের এই হামলা, যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে। এর জেরেই কড়া পদক্ষেপ ইরানের। 

লেবাননে এই হামলার পরেই ইরান সাফ জানিয়ে দেয়, হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। ইরানের পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ফরেন পলিসি কমিটির মুখপাত্র এব্রাহিম রেজাইয়ের বক্তব্য, "লেবাননের বিরুদ্ধে এই ভয়ঙ্কর আগ্রাসনের জেরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এখনই বন্ধ করা উচিত। লেবাননের মানুষ আমাদের জন্য প্রাণ দিয়েছে, আমরা তাদের এক মুহূর্তের জন্যও একা ছেড়ে যেতে পারি না। যুদ্ধবিরতি হবে সব ফ্রন্টে, না হলে কোথাও নয়।'

এই হামলার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হিজবোল্লার কারণে লেবানন এই যুদ্ধবিরতির অংশ নয়। এই হামলাকে 'আলাদা সংঘর্ষ' বলে উল্লেখ করেছেন তিনি। যদিও খানিকক্ষণ পরেই বলেন বিষয়টি 'মিটিয়ে নেওয়া হবে'। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ১০ মিনিটে লেবাননে ১০০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইজরায়েল। গতকালের হামলায় দুই শতাধিক বাসিন্দার মৃত্যু হয়েছে। লেবাননের স্বাস্থ্যমন্ত্রকের দাবি, এই হামলায় সব মিলিয়ে ২৫৪ জনের মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন ৮০০-রও বেশি মানুষ। 

সূত্রের খবর, এখনও পর্যন্ত লেবাননের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইজরায়েল। বেইরুট, বেকা উপত্যকা, দক্ষিণ লেবাননজুড়ে হিজবোল্লার ১০০টিরও বেশি ঘাঁটিতে হামলা চালিয়েছে তেল আভিভ। 

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল। ৩ মার্চ থেকে হরমুজ প্রণালী বন্ধ ছিল। যুদ্ধবিরতির ঘোষণা হতেই অবশেষে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে হরমুজ প্রণালী খুলে গিয়েছিল। কয়েক ঘণ্টার মধ্যেই আবারও তা বন্ধ করল ইরান।