আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে নিট (NEET) পরীক্ষা বাতিলের দাবিতে চলো সংসদ অভিযান ও ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিতর্ক যেন থামছেই না। এবার আন্দোলনের আগুনে ঘি ঢালল আধা সামরিক বাহিনীর এক উচ্চপদস্থ মহিলা কর্মকর্তার একটি বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্ট। র্যাপিড অ্যাকশন ফোর্স বা আরএএফ (RAF)-এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সোনিয়া সেহরাওয়াত, যিনি ইন্টারনেটে নিজস্ব জনপ্রিয়তার জন্য বেশ পরিচিত, আন্দোলনকারী শিক্ষার্থীদের 'আরশোলা'র সঙ্গে তুলনা করে চরম ট্রোল ও জনরোষের মুখে পড়েছেন।
হরিয়ানার বাসিন্দা এবং ইনস্টাগ্রামে ছয় লাখেরও বেশি অনুসারী থাকা এই কর্মকর্তা সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি মরা আরশোলার ছবি দিয়ে লেখেন—"যে নিজের জীবনের সমস্যাই মেটাতে পারে না, সে নাকি দেশ ঠিক করবে!" বিতর্কিত এই পোস্টটি সামনে আসতেই সিজেপি (Cockroach Janta Party)-সহ আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। তীব্র সমালোচনার মুখে পোস্টটি মুছে ফেললেও বিতর্ক পিছু ছাড়েনি। আন্দোলনকারীদের বক্তব্য, শান্তিকামী ছাত্রদের ওপর পুলিশি নির্যাতনকে এভাবে আরশোলার মতো পতঙ্গের সঙ্গে তুলনা করে ঢাকা দেওয়ার চেষ্টা অত্যন্ত মর্মান্তিক ও অসংবেদনশীল।
অন্যদিকে, চাকরি সংক্রান্ত সরকারি নিয়মাবলি লঙ্ঘন করার অভিযোগও উঠেছে ওই কর্মকর্তার বিরুদ্ধে। নিয়ম অনুযায়ী, ইউনিফর্ম পরা ছবি ব্যক্তিগত প্রোফাইলে ব্যবহার করা বা কোনো রাজনৈতিক বিষয়ে মন্তব্য করা সরকারি কর্মচারীদের জন্য নিষিদ্ধ হলেও, তিনি দীর্ঘদিন ধরেই সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন। সিআরপিএফ (CRPF)-এর শীর্ষ মহলেও এ নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে এবং তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সূত্রের খবর।
অবশ্য নিজের পোস্টের সাফাই দিতে গিয়ে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অন্য সুর গেয়েছেন আরএএফ-এর এই কর্মকর্তা। তিনি দাবি করেন, আন্দোলনকারীদের ভিড়ে কিছু অসামাজিক ও গোলযোগ সৃষ্টকারী উপাদান মিশে গিয়েছিল, যারা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাথর, কাচের বোতল ও জুতো ছুড়ে মারে। আহত হাত দেখিয়ে তাঁর অভিযোগ, মহিলা আন্দোলনকারীদের রক্ষা করতে গিয়েই তিনি নিজেই চোট পেয়েছেন এবং তাঁর ওপর হামলা চালানো হয়েছে। সরকারি নিয়মভঙ্গ এবং বিতর্কিত মন্তব্যের কারণে এই নারী কর্মকর্তার ভূমিকা নিয়ে এখন সরগরম নেটপাড়া থেকে প্রশাসনিক অলিন্দ।
















