আজকাল ওয়েবডেস্ক: সর্বভারতীয় স্তরে প্রতি বছরই বেশ কিছু পরীক্ষার আয়োজন করে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। দেশের অন্যতম কঠিন পরীক্ষাগুলির মধ্যে অন্যতম ইউপএসসি। আগ্রহীদের জন্য আগে থেকেই প্রকাশ করা হয় পরীক্ষাসূচি। আগামী বছরের জন্য সম্প্রতি প্রকাশ করা হয়েছে সেই সূচি।
প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী বছর জানুয়ারি মাস থেকেই পরীক্ষার আয়োজন করা হবে। সারা বছর ধরেই চলবে বিভিন্ন দফতরে নিয়োগের পরীক্ষা। ক্যালেন্ডারে সিভিল সার্ভিস পরীক্ষার দিন ছাড়াও এনডিএ, সিডিএস-সহ অন্যান্য নিয়োগ পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে।
জানা গিয়েছে, সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা হবে ২০২৭ সালের মে মাসে। পরীক্ষার বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ১৩ জানুয়ারি। পরীক্ষার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে ২ ফেব্রুয়ারির মধ্যে। দু'টি ধাপে পরীক্ষার আয়োজন করা হবে। প্রিলিমিনারি পরীক্ষা হবে ২৩ মে। মূল পরীক্ষা শুরু হবে ২০ অগস্ট থেকে।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষাও হবে দু'টি পর্যায়ে। ১৩ জানুয়ারি বন বিভাগের বিভিন্ন পদে চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে ২ ফেব্রুয়ারির মধ্যে। প্রিলিমিনারি পরীক্ষা হবে ২৩ মে।
মেডিক্যালে স্নাতকেরা ইউপিএসসি-র মাধ্যমে চাকরিতে নিযুক্ত হতে চাইছেন, তাঁদের জন্য কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিস পরীক্ষার আয়োজন করা হবে। পরের বছরের মাঝামাঝি সময়ে। পরীক্ষার জন্য আবেদন জানানো যাবে ২৩ মার্চ পর্যন্ত। ১৮ জুলাই হবে প্রিলিমিনারি পরীক্ষা।
যে ইঞ্জিনিয়ারেরা সরকারি ক্ষেত্রে যোগ দিতে চান, তাঁদের পরীক্ষা ২০২৭ সালের একেবারে গোড়ার দিকে। পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে চলতি বছরের ১৬ সেপ্টেম্বর। পরীক্ষায় আবেদনের শেষ দিন ৬ অক্টোবর। ৩১ জানুয়ারি হবে প্রিলিমিনারি পরীক্ষা। মেন পরীক্ষা হবে ১৮ জুন।
প্রতিরক্ষা বিভাগে কেন্দ্রীয় পদে চাকরির জন্য এনডিএ এবং সিডিএস পরীক্ষার প্রথম সেশনের বিজ্ঞপ্তিও চলতি বছরেই প্রকাশ করা হবে। এনডিএ-১ এবং সিডিএস-১-এর বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ২ ডিসেম্বর। আগামী বছর লিখিত পরীক্ষা হবে ১১ এপ্রিল। এনডিএ-২ এবং সিডিএস-২-এর বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ১২ মে। লিখিত পরীক্ষা হবে ১৯ সেপ্টেম্বর।
ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস বা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসেস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ১০ ফেব্রুয়ারি। পরীক্ষার জন্য আবেদন করা যাবে ২ মার্চ পর্যন্ত। পরীক্ষা হবে ১৮ জুন।
অন্য দিকে, সিএপিএফ, সিআইএসএফ এবং স্টেনোগ্রাফার গ্রেড ১ পদে নিয়োগের পরীক্ষা হবে যথাক্রমে ৪ জুলাই, ১৪ মার্চ এবং ১৮ ডিসেম্বর। এ ছাড়াও কেন্দ্রের বিভিন্ন দফতর, মন্ত্রক এবং সংস্থায় অন্যান্য পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)।















