আজকাল ওয়েবডেস্ক: দেশজুড়ে নিট-এর প্রশ্ন ফাঁসের বিতর্ক এখনও কাটেনি। তার মধ্যেই ফের দেশের অন্যতম কথন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস (প্রিলিমিনারি) নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠল। কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া (এনএসইউআই)-এর দাবি, এবারের ইউপিএসসি প্রিলিমস পরীক্ষার প্রশ্নপত্র সম্ভবত ফাঁস হয়েছে। এই বিষয়ে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কাছে জবাবদিহির চেয়ে চিঠি পাঠিয়েছে। একইসঙ্গে একটি নিরপেক্ষ তদন্তেরও দাবি জানিয়েছে।
এনএসইউআই-এর সর্বভারতীয় সভাপতি বিনোদ জাখরের অভিযোগ, এবারের প্রিলিমিনারি পরীক্ষায় ১০০টি প্রশ্নের মধ্যে অন্তত ৮২টি প্রশ্নই 'অনন্তম আইএএস' নামের একটি কোচিং সেন্টারের দেওয়ার পাঠ্যসামগ্রীর সঙ্গে হুবহু মিলে গিয়েছে।
যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি সংশ্লিষ্ট কোচিং সেন্টারটির। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে তারা জানিয়েছে, "আমাদের কাছ থেকে কোনও প্রশ্ন ফাঁস হয়নি এবং পরীক্ষার আগে প্রশ্নপত্রের কোনও অ্যাক্সেস আমাদের ছিল না।" এই অভিযোগগুলিকে সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করে তারা জানায় যে, এই ধরনের মনগড়া অভিযোগের কোনও আইনি বা বাস্তব ভিত্তি নেই।
তবে বিনোদ জাখরের পালটা অভিযোগ, পরীক্ষা শেষ হওয়ার পর তড়িঘড়ি ওই কোচিং সেন্টারের স্টাডি মেটেরিয়ালগুলিতে কিছু বদল আনা হয়েছে। এমনকি বিভিন্ন পাঠ্যসামগ্রীর সঙ্গে যুক্ত তারিখগুলিকেও সংশোধন করা হয়েছে। এই জন্য ওই কোচিং সেন্টার এবং পরীক্ষা নিয়ামক সংস্থার মধ্যে কোনও গোপন আঁতাত রয়েছে কিনা, তা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করতে হবে বলে দাবি কংগ্রেসের এই ছাত্র সংগঠনের। এনএসইউআই জানিয়েছে, তারা খুব শীঘ্রই বিস্তারিত ব্যাখ্যার দাবি জানিয়ে কমিশনকে চিঠি পাঠিয়েছে। পরীক্ষার্থীদের মনের সংশয় দূর করতে কমিশনকে একটি তদন্ত কমিটি গঠন করে স্বচ্ছ তদন্ত প্রক্রিয়ার আর্জিও জানিয়েছে।
সমাজমাধ্যম এক্স-এ একটি পোস্ট শেয়ার করে এনএসইউআই লিখেছে, "দেশের লক্ষাধিক যুবসমাজ ইউপিএসসি-র মতো সম্মানজনক পরীক্ষার উপর আস্থাশীল। কিন্তু আজ সেই ভরসা নিয়েই প্রশ্ন উঠেছে। ১০০টির মধ্যে ৮২টি প্রশ্ন যদি মাত্র একটি কোচিং সেন্টারের কনটেন্ট থেকে আসে, তবে সেটা কোনও সাধারণ কাকতালীয় ঘটনা হতে পারে না। বরং তদন্তসাপেক্ষ বিষয় হয়ে দাঁড়ায়। বর্তমান যুবসমাজের জানার অধিকার আছে, তাঁদের বছরের পর বছর কঠোর পরিশ্রমের সঙ্গে কোনও অন্যায় হচ্ছে কিনা।" তবে এখনও এই গোটা বিতর্ক নিয়ে ইউপিএসসি-র তরফে কোনও প্রতিক্রিয়া বা বিবৃতি জারি করা হয়নি।
উল্লেখ্য, আগামী ২১ জুন,রবিবার, দেশজুড়ে নিট ইউজি-র পরীক্ষার পুনরায় আয়োজন করার কথা। গত ৩ মে আয়োজিত মূল পরীক্ষায় ১৮০টি প্রশ্নের মধ্যে ১২০টি প্রশ্নই একটি সম্ভাব্য প্রশ্নপত্রের সঙ্গে মিলে যাওয়ায় ব্যাপক শোরগোল পড়ে যায় দেশজুড়ে। শেষমেশ, প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল করতে বাধ্য হয় কেন্দ্র। সেই নিট বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার ইউপিএসসি পরীক্ষা নিয়েও একই ধরনের অভিযোগ ওঠায় ফের দেশজুড়ে আলোড়ন পড়ে গিয়েছে।















