আজকাল ওয়েবডেস্ক: শনিবার গুজরাটে গিয়ে নাম না করে নিজের দলের নেতাদের একাংশের বিরুদ্ধেই দল বিরোধী কাজের অভিযোগ তুললেন রাহুল গান্ধী। কংগ্রেসের প্রাক্তন সভাপতির অভিযোগ, কংগ্রেসের বেশ কিছু নেতা বিজেপির হয়ে কাজ করছেন! প্রয়োজনে ৩০-৪০ জন নেতাকে ছেঁটে ফেলা হবে বলেও সাফ হুঁশিয়ারি দিয়েছেন ওয়ানাড়ের সাংসদ।

রাহুল গান্ধীর এমন স্বীকারোক্তিতে খুশি গেরুয়া শিবির। গুজরাটের বিজেপি নেতাদের দাবি, রাহল নিজের দলের নেতাদেরই 'ট্রোল' করছেন। লোকসভার বিরোধী দলনেতার মন্তব্য আদতে বিজেপির "সবচেয়ে বড় সম্পদ" বলে মানছেন শাসক নেতৃত্ব।

পদ্ম ঘাঁটি গুজরাটে বিগত কয়েক দশক ধরে  ক্ষমতায় নেই কংগ্রেস। নড়বড়ে সে রাজ্যের দলীয় সংগঠন। এ দিন গুজরাটে গিয়ে প্রদেশ কংগ্রেস সংগঠনের অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলিকে চিহ্নিত করেন রাহুল গান্ধী। 

আমেদাবাদে দলীয় অনুষ্ঠানে এ দিন রাহুল গান্দী বলেছেন, "দলে দু'ধরনের নেতা আছেন- প্রথমত যাঁরা জনসংযোগবজায় রাকেন, দ্বিতীয়ত যাঁরা দলে থেকেও ভিতরে অন্যকে সুবিধা করে দেন। যদি আমাদের গুজরাটের জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করতে হয়, তাহলে আমাদের দু'টি কাজ করতে হবে। প্রথম কাজ হল- এই দু' ধরনের নেতাকে চিহ্নিত করতে হবে। এমনকি যদি আমাদের ১০, ১৫, ২০, ৩০, ৪০ জনকে অপসারণ করতে হয়, তবুও আমরা উদাহরণ গড়তে তা করতে প্রস্তুত।"  

রাহুলের আর্জি, "কংগ্রেসে থেকে যাঁরা গোপনে বিজেপির হয়ে কাজ করছেন তাঁদের বেরিয়ে আসা উচিত, বিজেপির জন্য খোলাখুলিভাবে কাজ করা উচিত। দেখা যাক তাঁদের। কিন্তু জেনে রাখা প্রয়োজন যে, বিজেপির তোমাদের জন্য জায়গা ছাড়বে না। তারা তোমাদের বাইরে ছুঁড়ে ফেলে দেবে।" কংগ্রেস সাংসদ, জোর দিয়ে বলেছেন যে- কেবল নির্বাচনের উপর মনোযোগ দিলে জনসাধারণের আস্থা ফিরে পাওয়া যাবে না। তাঁর দাবি, "যতক্ষণ না আমরা আমাদের দায়িত্ব পালন করি, ততক্ষণ গুজরাটের মানুষ আমাদের নির্বাচিত করবে না। আমাদের প্রথমে তাদের আস্থা অর্জন করতে হবে।"

বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা রাহুল গান্ধীকে কটাক্ষ করে বলেন, "তিনি নিজেকে এবং তাঁর দলকে ট্রোল করেছেন। তিনি নিজেকে আয়না দেখানোর চেষ্টা করেছিলেন। এত সৎ প্রতিক্রিয়া! রাহুল গান্ধী স্বীকার করেছেন যে তিনি গুজরাটে জিততে পারছেন না, পথ দেখাতে পারছেন না।"