আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সরকারের নির্দেশে জনপ্রিয় ইউটিউব চ্যানেল 4PM News ভারতে ব্লক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে দেশের ভেতরে এই চ্যানেল আর দেখা যাচ্ছে না। তবে বিদেশে এখনও এটি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন চ্যানেলটির সম্পাদক সঞ্জয় শর্মা।
এই বিষয়ে সংবাদমাধ্যমকে শর্মা জানান, ইউটিউব থেকে তিনি একটি ইমেল পেয়েছেন যেখানে বলা হয়েছে যে ভারতের সরকারের নির্দেশে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কারণ দেখিয়ে তাঁর চ্যানেল ব্লক করা হয়েছে। কিন্তু সেই ইমেলে কোনও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। চ্যানেলের পেজে এখন একটি বার্তা দেখাচ্ছে— “এই কনটেন্টটি বর্তমানে এই দেশে উপলব্ধ নয়, কারণ জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সংক্রান্ত সরকারি নির্দেশ রয়েছে।”
শর্মার মতে, সাম্প্রতিক একটি ভিডিওর জেরেই এই পদক্ষেপ নেওয়া হয়ে থাকতে পারে। ওই ভিডিওতে তিনি ইরানের এক অধ্যাপকের সাক্ষাৎকার নিয়েছিলেন এবং প্রশ্ন তুলেছিলেন কেন ভারত সরকার ইরানের মতো বন্ধুত্বপূর্ণ দেশের সঙ্গে আচরণে একটি নির্দিষ্ট অবস্থান নিচ্ছে। তাঁর দাবি, সরকারের এই পদক্ষেপ সেই ভিডিওর সঙ্গে সম্পর্কিত হতে পারে। এটাই প্রথমবার নয় যে তাঁর চ্যানেলের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হল। শর্মা বলেন, গত বছর পহেলগাঁও-এ সন্ত্রাসী হামলায় ২৬ জন সাধারণ মানুষ নিহত হওয়ার পর তিনি তাঁর ভিডিওতে প্রশ্ন তুলেছিলেন কীভাবে জঙ্গিরা ওই এলাকায় ঢুকতে পারল। এরপরই তাঁর চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেন। পরে বিষয়টি সুপ্রিম কোর্টে পৌঁছালে সরকার নিজের নির্দেশ প্রত্যাহার করে এবং চ্যানেলটি আবার চালু হয়।
শর্মার আরও অভিযোগ, ২০২২ সালের উত্তর প্রদেশের ভোটে সময়ও তাঁর চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছিল। তাঁর মতে, যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পর থেকেই সরকারের বিরুদ্ধে কঠিন প্রশ্ন তোলার জন্য তাঁর ওপর বিভিন্নভাবে চাপ তৈরি করা হচ্ছে। তিনি আরও দাবি করেছেন, এক সরকারি আধিকারিক তাঁকে বছরে ১০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, যদি তিনি তাঁর সংবাদপত্রের প্রথম পাতায় নির্দিষ্ট কিছু শিরোনাম প্রকাশ করা বন্ধ করেন। সেই শিরোনামগুলো প্রায়ই টুইট করতেন বিরোধী নেতা অরবিন্দ কেজরিওয়াল ও সঞ্জয় সিং। শর্মার দাবি, তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার পরই তাঁর বিরুদ্ধে হয়রানির চেষ্টা শুরু হয়।
একটি বেনামি চিঠির ভিত্তিতে তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পত্তির অভিযোগ তুলে তদন্তও শুরু হয় বলে তিনি জানান। তাঁর দাবি, প্রায় দশ মাস ধরে ছয় সদস্যের একটি পুলিশ দল তাঁর সম্পত্তি তদন্ত করলেও কোনও বেআইনি সম্পদের প্রমাণ পাওয়া যায়নি। শর্মা আরও বলেন, তিনি সঞ্জয় সিং–এর একটি সাক্ষাৎকার নেওয়ার পর সরকার এতটাই ক্ষুব্ধ হয় যে সাংবাদিক হিসেবে তাঁকে দেওয়া সরকারি ফ্ল্যাট কেড়ে নেওয়া হয়। পাশাপাশি তাঁর সাংবাদিক স্বীকৃতি বাতিল করা হয় এবং তাঁর সংবাদপত্রকে সরকারি বিজ্ঞাপন দেওয়াও বন্ধ করে দেওয়া হয়। এই পরিস্থিতির মধ্যেই তিনি ইউটিউব চ্যানেল শুরু করেন, যা দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।
বর্তমানে 4PM News–এর সাবস্ক্রাইবার প্রায় ৮৫ লক্ষ এবং দর্শকসংখ্যা প্রায় এক কোটি বলে দাবি করেছেন শর্মা। এছাড়া উত্তরপ্রদেশ নির্বাচনের সময় চ্যানেল বন্ধ হয়ে যাওয়ার পর তিনি UP4PM নামে আরেকটি চ্যানেল শুরু করেন, যার সাবস্ক্রাইবার প্রায় ১৮ লক্ষ। এই ঘটনাকে ঘিরে দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে, যদিও কেন্দ্র সরকার এখনও এ বিষয়ে বিস্তারিত কোনও ব্যাখ্যা দেয়নি।
