আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের পরমাণু অস্ত্রের ভয় দেখানোকে স্রেফ ‘ধাপ্পাবাজি’ বলে উড়িয়ে দিল ভারত। বৃহস্পতিবার ‘অপারেশন সিঁদুর’-এর বর্ষপূর্তিতে নৌসেনার ডিরেক্টর জেনারেল ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদ সাফ জানালেন, পাকিস্তানের ডেরায় ঢুকে আঘাত হেনে দিল্লি প্রমাণ করে দিয়েছে যে, ইসলামাবাদের পরমাণু যুদ্ধের হুমকিতে তারা ভয় পায় না।
নৌসেনা কর্তার কথায়, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই অভিযান কিঞ্চিৎ ঝলকমাত্র। ভবিষ্যতে শত্রু পক্ষ ফের দুঃসাহস দেখালে ভারত আর শুধু পাল্টা জবাব দেবে না, বরং যুদ্ধের ময়দান কেমন হবে তা প্রথম থেকেই নিয়ন্ত্রণ করবে।
ভাইস অ্যাডমিরাল প্রমোদ জানান, এই লড়াইয়ে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি রণতরী 'আইএনএস বিক্রান্ত' এবং 'বিশাখাপত্তনম' নিজেদের শক্তি প্রমাণ করেছে। তাঁর মতে, আধুনিক যুদ্ধে ড্রোন এবং স্বয়ংক্রিয় অস্ত্রের গুরুত্ব বাড়ছে, আর ভারতও দ্রুত সেই পথে হাঁটছে।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও পাকিস্তানকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসের কেন্দ্রবিন্দু’ বলে তোপ দেগেছেন। তাঁর মতে, পাকিস্তান বারবার পরমাণু হামলার ভয় দেখিয়ে ভারতকে আটকাতে চেয়েছিল, কিন্তু সেই চাল আর খাটছে না।
এক কথায়, 'অপারেশন সিঁদুর' ভারতের সাহসের প্রমাণ। তবে দিল্লির বার্তা স্পষ্ট- এর পরের বার আঘাত হবে আরও ভয়াবহ এবং চূড়ান্ত।















