আজকাল ওয়েবডেস্ক: দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে বড় বদল। ভারতের নতুন সেনা সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস) হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি। শনিবার সকালে ওই পদে তাঁকে নিয়োগ করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তিনি ভারতীয় সেনা, নৌবাহিনী এবং বায়ুসেনা–তিন বাহিনীর প্রধান হিসাবে কাজ করবেন। বর্তমানে দেশের সেনা সর্বাধিনায়ক পদে আছেন জেনারেল অনিল চৌহান। আগামী ৩০ মে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। তার পরেই সিডিএস পদে দায়িত্ব নেবেন সুব্রমণি। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, সুব্রমণি সিডিএস–এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সামরিক বিষয়ক দপ্তরের সচিব হিসাবেও কাজ করবেন।
এদিকে, দেশের নতুন নৌসেনা প্রধানকেও নিয়োগ করেছে কেন্দ্র। নৌসেনার ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার অফিসার কৃষ্ণ স্বামীনাথন চলতি মাসের শেষে নৌসেনা প্রধান হিসাবে দায়িত্ব নেবেন। বর্তমানে নৌসেনার প্রধান রয়েছেন ভাইস অ্যাডমিরাল দীনেশকুমার ত্রিপাঠী। আগামী ৩১ মে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে।
প্রসঙ্গত, জাতীয় ডিফেন্স অ্যাকাডেমিতে ছিলেন সুব্রমণি। সেখান থেকে ১৯৮৫ সালে যান গারওয়াল রাইফেলসে। ব্রিটেনে জয়েন্ট সার্ভিসেস কমান্ড স্টাফ কলেজে কয়েক বছরের জন্য যোগ দিয়েছিলেন। দেশে ফেরার পর তাঁকে পর্বত ব্রিগেডের ব্রিগেড মেজর হিসাবে নিয়োগ করা হয়। তারপর ন্যাশনাল ডিফেন্স কলেজেও ছিলেন সুব্রমণি। ৩৫ বছরের দীর্ঘ কর্মজীবনে তিনি একাধিক বড় বড় দায়িত্ব সামলেছেন। কাজাখস্তানের ভারতীয় দূতাবাসেও ছিলেন একসময়। একাধিক পদকও পেয়েছেন তিনি।
২০২৩ সালে সুব্রমণি সেন্ট্রাল কমান্ডের কমান্ডিং ইন চিফ জেনারেল অফিসার নিযুক্ত হন। ২০২৪ সালের ১ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত তিনি ভারতীয় সেনার ভাইস চিফ হিসাবে কাজ করেছেন। সক্রিয় সামরিক চাকরি থেকে অবসরের পর সুব্রমণি আপাতত জাতীয় নিরাপত্তা পরিষদের সামরিক পরামর্শদাতা হিসাবে কাজ করছিলেন। এবার তিনি তিন বাহিনীর প্রধানের দায়িত্বে এলেন।
এদিকে, পরবর্তী নৌসেনা প্রধান স্বামীনাথন বর্তমানে মুম্বইয়ে পশ্চিম নাভাল কমান্ডের মাথায় রয়েছেন। এর আগে নৌসেনার উপপ্রধানের দায়িত্বও সামলেছেন।















