আজকাল ওয়েবডেস্ক: ৮০ বছরের বৃদ্ধ দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে মরিয়া। কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন না ওই বৃদ্ধের পঞ্চাশোর্ধ্ব ছেলে। এই নিয়ে প্রায়ই বাপ-ছেলের বচসা হত। ছেলেকে পরিবার-সহ প্রাণনাশেরও হুমকি দিয়েছিলেন বৃদ্ধ। যা শেষ পর্যন্ত বাস্তবে করে দেখালেন তিনি। গুলি করে ৫২ বছরের ছেলেকে খুন করেছেন ওই 'বিয়ে পাগল' বৃদ্ধ। তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি গুজরাটের রাজকোটের জাসদান অঞ্চলের। পুলিশ জানিয়েছে যে, ৮০ বছরের রামভাই ২০ বছর আগে নিজের স্ত্রীকে হারিয়েছেন। ফের বিয়ে করার ইচ্ছে তাঁর। যা মানতে নারাজ ছিলেন বৃদ্ধের ছেলে প্রভাত বোরিচা। বৃদ্ধের এই সিদ্ধান্ত নিয়ে রামভাই ও প্রবাতের মধ্যে প্রায়শই ঝগড়া হত। অভিযোগ, এর আগে নিজের ছেলে এবং তাঁর পরিবারকে হত্যারও হুমকি দিয়েছিলেন রামাভাই।

এই অপ্রীতিকর পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার সকালে প্রভাতের স্ত্রী জয়াবেন, তাঁর স্বামীকে সঙ্গে নিয়ে শ্বশুড়মশাই রামাভাইয়ের ঘরে চা দিতে যান। ঘর থেকে থেকে আগেই ফিরে আসছিলেন জয়াবেন। এই সময়ই দু'টি গুলির শব্দ শুনতে পান। ঘুরে তাকাতেই জয়াবেন দেখেন, 
শ্বশুড়ের ঘরের দরজা বন্ধ। এরপরই রামভাই হন্তদন্ত হয়ে বন্দুক নিয়ে বেরিয়ে এসে পুত্রবধূকে আক্রমণের চেষ্টা করেন। কোনওমতে প্রাণে বাঁচানে জয়াবেন। কিন্তু ততক্ষণে শেষ হয়ে গিয়েচেন তাঁর স্বামী প্রভাত। রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়েছিলেন তিনি। প্রভাতকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

জয়াবেনের অভিযোগের রপ্রেক্ষিতে পুলিশ রামভাই বোরিচাকে গ্রেপ্তার করেছে।