আজকাল ওয়েবডেস্ক: পঞ্জাবে আসন জমানোর লক্ষ্য নাকি অন্য সমীকরণ? কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন রভনীত সিং বিট্টু। রেল এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পদ থেকে শুক্রবার ইস্তফা দিয়েছেন পাঞ্জাবের এই বিজেপি নেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অবিলম্বে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
গত ২০২৪ সাল থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভার অংশ ছিলেন বিট্টু। সূত্রের খবর, আগামী বছর পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে দলকে নেতৃত্ব দিতে এবং সেখানে দলের ভিত্তি মজবুত করতেই মন্ত্রিত্ব ছেড়ে পুরোপুরি রাজ্যের রাজনীতিতে মনোনিবেশ করতে চান তিনি।
পদত্যাগের ঠিক একদিন আগেই অবশ্য পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে চিঠি লিখেছিলেন রভনীত সিং বিট্টু। রাজ্যে ঝুলে থাকা একাধিক গুরুত্বপূর্ণ রেল পরিকাঠামো প্রকল্পের জট দ্রুত ছাড়াতে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেছিলেন তিনি। চিঠিতে তিনি জোর দিয়ে জানান, এই প্রকল্পগুলি সময়মতো সম্পন্ন করা শুধু জাতীয় স্তরেই গুরুত্বপূর্ণ নয়, বরং পাঞ্জাবের রেল সংযোগ শক্তিশালী করা, অর্থনৈতিক বৃদ্ধি, শিল্প উন্নয়ন ও যাত্রী যাতায়াত সুগম করার জন্য অত্যন্ত জরুরি।
চিঠি পাঠানোর ২৪ ঘণ্টার মধ্যেই তাঁর এই আকস্মিক পদত্যাগের সিদ্ধান্ত ঘিরে জাতীয় রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে জোর জল্পনা। পাঞ্জাবের রাজনীতিতে বিজেপি নিজেদের মাটি শক্ত করতে বিট্টুকে কীভাবে ব্যবহার করে, এখন সেটাই দেখার।
















