অন্নপূর্ণা যোজনার ভাতার টাকা অ্যাকাউন্টে ঢুকেছে কি না, সেই খোঁজ নিতেই ব্যাঙ্কে গিয়েছিলেন এক গৃহবধূ। কিন্তু স্টেটমেন্ট হাতে পেয়ে যেন চোখ কপালে ওঠে তাঁর। অ্যাকাউন্টে ব্যালেন্স দেখাচ্ছে প্রায় ৭৪০ কোটি টাকা!
2
11
মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। ভিড় জমে তাঁর বাড়িতে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। তবে শেষ পর্যন্ত জানা যায়, কোটি কোটি টাকার সেই ব্যালেন্স বাস্তবে ছিল না। প্রযুক্তিগত ত্রুটির জেরেই স্টেটমেন্টে ভুল অঙ্ক দেখিয়েছিল ব্যাঙ্কের সফ্টওয়্যার।
3
11
ঘটনাটি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর ধুলাগাঁও গ্রামের। গ্রামের বাসিন্দা স্বপ্না বর্মন রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার টাকা তাঁর অ্যাকাউন্টে জমা পড়েছে কি না, তা জানতে ধুলাগাঁও বাজারের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় যান। নিয়মমাফিক স্টেটমেন্ট বের করতেই সামনে আসে অবিশ্বাস্য সেই অঙ্ক।
4
11
স্টেটমেন্টে দেখা যায়, তাঁর অ্যাকাউন্টে জমা রয়েছে প্রায় ৭৪০ কোটি টাকা। প্রথমে বিষয়টি বিশ্বাসই করতে পারেননি স্বপ্না।
5
11
ব্যাঙ্কের কর্মীরাও স্টেটমেন্ট দেখে বিস্মিত হয়ে পড়েন। পরে প্রিন্ট করা স্টেটমেন্ট হাতে পেয়ে তিনিও হতবাক হয়ে যান। এত বিপুল অঙ্কের টাকা একটি সাধারণ গ্রামীণ পরিবারের মহিলার অ্যাকাউন্টে কীভাবে এল, তা নিয়ে শুরু হয় জল্পনা।
6
11
খবর দাবানলের মতো ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। প্রতিবেশীরা দলে দলে ছুটে আসেন স্বপ্না বর্মনের বাড়িতে। কেউ স্টেটমেন্ট দেখতে চান, কেউ আবার গোটা ঘটনাকে অবিশ্বাস্য বলে মন্তব্য করেন। গ্রামে কার্যত কৌতূহলের আবহ তৈরি হয়।
7
11
ঘটনার খবর পৌঁছে যায় জটেশ্বর ফাঁড়ির পুলিশের কাছেও। পুলিশ গিয়ে গৃহবধূর সঙ্গে কথা বলে এবং ঘটনার প্রাথমিক খোঁজখবর নেয়। পরে পুলিশই তাঁকে পুনরায় ব্যাঙ্কে গিয়ে ব্যালেন্স যাচাই করার পরামর্শ দেয়।
8
11
দ্বিতীয় বার ব্যালেন্স পরীক্ষা করতেই সামনে আসে প্রকৃত তথ্য। দেখা যায়, অ্যাকাউন্টে কোনও ৭৪০ কোটি টাকা নেই। আগের মতোই সেখানে রয়েছে মাত্র ২০২ টাকা। অর্থাৎ প্রথম স্টেটমেন্টে যে বিপুল অঙ্ক দেখানো হয়েছিল, তা সম্পূর্ণ প্রযুক্তিগত বিভ্রাটের ফল।
9
11
ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, সফ্টওয়্যার বা প্রযুক্তিগত সমস্যার কারণেই সাময়িক ভাবে ভুল ব্যালেন্স প্রদর্শিত হয়েছিল। পরে ত্রুটি সংশোধন করে প্রকৃত ব্যালেন্স দেখানো হয়েছে। সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা ম্যানেজার বলেন, "এটি প্রযুক্তিগত ত্রুটির কারণে হয়েছে। গ্রাহকের অ্যাকাউন্টে কোনও অতিরিক্ত টাকা জমা পড়েনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"
10
11
পুলিশও জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। আপাতত প্রযুক্তিগত ত্রুটির বিষয়টিই সামনে এসেছে। তবে কী কারণে এমন বিভ্রাট ঘটল, তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।
11
11
কয়েক মিনিটের জন্য হলেও ২০২ টাকার অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকার ব্যালেন্স দেখানোর ঘটনাকে ঘিরে ফালাকাটার উত্তর ধুলাগাঁওয়ে দিনভর ছিল চর্চা। শেষ পর্যন্ত প্রযুক্তিগত বিভ্রাটের ব্যাখ্যা মিললেও, এই ঘটনা ব্যাঙ্কিং ব্যবস্থার প্রযুক্তিগত নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।