দ্বিতীয় দফায় ১১১ জন প্রার্থীর নাম ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি৷ এর আগে প্রথম দফায় ১৪৪ জনের নাম ঘোষণা করেছিল বিজেপি৷ অভিনেতা হিরণ চ্যাটার্জি প্রথম দফায় প্রার্থীতালিকায় না থাকায় অনেকেই ভেবেছিলেন ২০২৬ এর বিধানসভা নির্বাচনে হিরণ টিকিট পাবে না৷ সদ্য হিরণ দ্বিতীয় বিয়ে করেছেন৷ প্রথম স্ত্রী অনিন্দিতার সঙ্গে চলছে আইনি লড়াই৷ পারিবারিক সমস্যার কারণে হিরণকে ২০২৬ বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হবে না এমন গুঞ্জন ছিল। কিন্তু বিজেপির দ্বিতীয় দফার প্রার্থিতালিকা প্রকাশের পর দেখা গেল শ্যামপুরে বিজেপির প্রার্থী ড. হিরণ্ময় চট্টোপাধ্যায় অর্থাৎ অভিনেতা হিরণ। হিরণের বিপরীতে তৃণমূলের প্রার্থী শশী পাঁজা৷ 

হিরণ টিকিট পেতেই বিস্ফোরক অনিন্দিতা। আজকাল ডট ইন-কে তিনি বললেন, "আমাদের তো আইনি বিচ্ছেদের হয়নি, তাও ঋতিকার সঙ্গে ছবি দিয়ে বেড়াচ্ছে। সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ফলাও করে বিয়ে করেছে। এবার দেখব, নমিনেশনে স্ত্রীর জায়গায় কার নাম দেয়। স্বাভাবিকভাবেই আমার নাম থাকার কথা, আমিও দেখি এবার কী করে। ঋতিকাকে নিয়ে এখনও যদিও অফিশিয়াল কিছু বলেনি, তাই পাল্টি খেতে পারে।"

অনিন্দিতা কি এবারও প্রচারে সঙ্গে থাকবেন? তাঁর সাফ জবাব, "এতদিন তো সঙ্গে থেকেছি। ও বলেছিল না সাক্ষাৎকারে একরাতের মধ্যে খড়গপুরে চলে এসেছে, আমিও তো সঙ্গে এসেছিলাম, সেই কথা বেমালুম ভুলে গিয়েছিল। এবারের ছবিটা অন্যরকম হবে স্বাভাবিক। শুধু অপেক্ষায় আছি নমিনেশনে স্ত্রীর জায়গায় কার নাম দেয়, সেটা দেখার জন্য।"

প্রথম দফায় যখন বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করল, তখন খড়গপুর থেকে টিকিট পাননি হিরণ। সেই সময় সমাজমাধ্যমে একটি পোস্ট করে অনিন্দিতা লিখেছিলেন, 'কর্মফলের চাকা সবসময় ঘোরে'। অনিন্দিতার এই পোস্ট ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মতে, প্রথম দফায় খড়গপুর থেকে হিরণকে প্রার্থী হিসেবে ঘোষণা না করাকেই ইঙ্গিত করেছেন অনিন্দিতা। হিরণের দ্বিতীয় বিয়েটাই 'কর্মফল' হিসেবে নাকি দেখছেন তিনি।