সংবাদ সংস্থা মুম্বই: ভারতের ওটিটি বাজারে ‘সিটাডেল: হানি বানি’ মুক্তি পেয়েছে বৃহস্পতিবার। প্রথম সিজনে রয়েছে মোট ছ'টি পর্ব। মুখ্যভূমিকায় বরুণ ধাওয়ান এবং সামান্থা রুথ প্রভু। ইতিমধ্যেই হইচই শুরু হয়েছে এই সিরিজকে কেন্দ্র করে।
জনপ্রিয় ইংরেজি সিরিজে 'সিটাডেল'-এর ভারতীয় স্পিন-অফ সংস্করণ বলা যেতে পারে এই ছবিকে। মূল সিরিজের মুখ্য চরিত্রে ছিলেন প্রিয়ঙ্কা চোপড়া এবং রিচার্ড ম্যাডেন। সেই সিরিজের প্রযোজক ছিলেন 'অ্যাভেঞ্জার্স' ছবিখ্যাত পরিচালক দুটি রুশো ব্রাদার্স। হিন্দি সংস্করণটিরও অন্যতম প্রযোজক তাঁরা।
'সিটাডেল:হানি বানি'র মাধ্যমে ওয়েব দুনিয়ায় পা রাখলেন বরুণ ধাওয়ান। এবং এই সিরিজে বরুণের অভিনয়ে নাকি মুগ্ধ অ্যান্থনি রুশো ও জো রুশো।
সূত্রের খবর, এ বার মূল ‘সিটাডেল’-এর নতুন সিজনে থাকছেন বরুণ। অর্থাৎ সেই সিরিজের মাধ্যমেই বরুণের আন্তর্জাতিক অভিষেক হতে চলেছে।
আন্তর্জাতিক সিরিজটির জন্য তাঁরা বরুণকে নির্বাচন করেছেন। 'সিটাডেল: হানি বানি'তে তাঁর অভিনীত চরিত্রেই দেখা যাবে বরুণকে। বিষয়টি নিয়ে অভিনেতার সঙ্গে পরিচালকদ্বয়ের নাকি কথাবার্তাও এগোচ্ছে।
উল্লেখ্য, প্রিয়াঙ্কা চোপড়াও সম্প্রতি 'সিটাডেল: হানি বানি'র ভূয়সী প্রশংসা করেছেন। পাশাপাশি বরুণ ও সামান্থার পারফরম্যান্সের তারিফও শোনা গিয়েছে 'দেশি গার্ল'-এর মুখে। জানান, তিনি দু'টি এপিসোড দেখেছেন। বাকিটাও শিগগির দেখে নেবেন। প্রিয়ঙ্কা বলেন, ‘‘আমার সঙ্গে বরুণ এবং সামান্থার চরিত্রের একটি বিশেষ যোগসূত্র রয়েছে। সেটা সিরিজটা দেখলে বোঝা যাবে।’’
'অ্যাভেনঞ্জার্স' ছবির পরিচালক জুটির হাত ধরে বরুণের হলিউড অভিষেকের জল্পনা ছড়িয়ে পড়েছে দাবানলের মতো। স্বাভাবিকভাবেই দারুণ খুশি তারকার অনুরাগীরা।
















