নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ার পরিচিত মুখ আদৃত রায়কে এখন পর্দায় দেখা না গেলেও তাঁর জনপ্রিয়তা একটুও কমেনি। সোশ্যাল মিডিয়ায় আজও রয়েছে তাঁর ফ্যান পেজ। নায়কের ফেরার খবর নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। জানা গিয়েছিল বড়পর্দায় ফিরছেন আদৃত। 'পাগল প্রেমী' নামক একটি ছবির শুটিংও শুরু করেছিলেন তিনি। কিছু নানা বচসার কারণে এখন বন্ধ ছবির কাজ।
ফের ছোটপর্দার ধারাবাহিকেই ফিরছেন আদৃত। টলিপাড়ার অন্দরমহলের খবর এন আইডিয়াজের আসন্ন ধারাবাহিকে দেখা যাবে অভিনেতাকে। একটি অন্যরকম প্রেমের গল্প নিয়ে এবার দর্শকের মন জয় করতে প্রস্তুত নায়ক। সঙ্গে থাকবে একটি পরিবারের গল্পও। এই খবর প্রথম জানিয়েছিল আজকাল ডট ইন। কে হবেন এবার আদৃতের নায়িকা? এই নিয়ে নানা জল্পনা চলছিল। কিন্তু এবার হদিস মিলল নায়িকার। সূত্রের খবর, আদৃতের নায়িকার চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী পারিজাত চৌধুরীকে। এর আগে তাঁকে দর্শক 'হইচই'-এর সিরিজ 'ইন্দুবালা ভাতের হোটেল'-এ দেখেছিলেন।
জানা যাচ্ছে, ধারাবাহিকের নাম 'মিত্তির বাড়ি'। এই বাড়িকে ঘিরেই এগোবে গল্প। টলিপাড়ার অন্দরের খবর, এই ধারাবাহিকে আদৃত-পারিজাত ছাড়া অন্যান্য চরিত্রে দেখা যেতে চলেছে শঙ্কর চক্রবর্তী, দুলাল লাহিড়ী, অনুরাধা রায়, অম্লান মজুমদারের মতো অভিনেতাদের। ইতিমধ্যেই হয়ে গিয়েছে 'মিত্তির বাড়ি'র প্রোমো শুটিং। চলতি বছরের শেষেই জি বাংলার পর্দায় আসছে নতুন এই ধারাবাহিক। ফের একবার 'উচ্ছেবাবু'কে দেখার জন্য উৎসাহিত তাঁর অনুরাগীরা।















