বদলে যাচ্ছে জি বাংলার ধারাবাহিক 'জোয়ার ভাঁটা'র সময়। এখন থেকে রাত ৮:৪৫-এ দেখা যাবে এই মেগাকে। তবে শুধু সময়ের পালাবদল নয়, এই ধারাবাহিকে আসছে বিরাট মোড়। এবার দুই খাতে বইবে দুই বোনের জীবন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে নিশা 'মহারানি' হয়ে তার স্ক্যামের রাজ্য বিস্তার করেছে। দুর্নীতিতে তার সঙ্গে আরও হাত পাকিয়েছে বন্ধু ভানু। 

নিশা জানায়, শহরের বুকে টাকা উড়ছে। যত পারবে নিজের করে নাও। আর চাকরির কোনও প্রয়োজন নেই, এখন থেকে সংসার চালাতে আর কারওর কাছে হাত পাততে হবে না‌। শুধুমাত্র একটা ফোনেই যথেষ্ট। নিশার এই কথা নতুনদের বলে জিৎ বসুকে মহারানি হিসেবেই ফোন করে। সে জানায়, দু'মাসে দুটো ব্যাঙ্ক খালি হবে। 

জবাবে নিশাকে জিৎ বলে তার জন্য তুরুপের তাস অপেক্ষা করছে। বিরাট ধামাকা আসতে চলেছে। 
এর মধ্যেই দেখা যাবে পুলিশ হবে বলে ট্রেনিং শুরু করে উজি। বরাবরের মতোই তার পাশে থাকে স্বামী ঋষি। উজিকে ট্রেনার বলে, এখন থেকে তার লড়াই শুরু। উজিও প্রতীজ্ঞা করে, এই রাজ্যে কোনও অপরাধীকে জাল বিস্তার করতে সে দেবে না। একদিকে নিশা তার দুর্নীতির সাম্রাজ্য বিস্তার করছে, অন্যদিকে দিদির প্রতিপক্ষ হয়ে উঠছে উজি। কী হবে দুই বোনের ভবিষ্যৎ? নিশা-উজি এতদিন অনেক ঝড়ঝাপটা সহ্য করেছে, কিন্তু এবার আলাদা হয়ে গিয়ে কি একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে তারা? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।

প্রসঙ্গত, 'জোয়ার ভাঁটা'র গল্পে এখন উজি উঠেপড়ে লেগেছে দিদি নিশাকে সঠিক পথে ফেরাবে বলে। কিন্তু নিশার বুকে জ্বলছে প্রতিশোধের আগুন। ঋষি উজিকে পরামর্শ দেয় যে একমাত্র পুলিশ অফিসার হয়েই সে নিশাকে ভাল করে তুলতে পারবে, তার আগে নয়। দিদিকে ঠিক পথে ফেরানোর জন্য এবার কি পুলিশ হবে উজি? দুই বোনের সম্পর্কে ভাঙন ধরবে এভাবেই?