স্টার জলসার ধারাবাহিক 'রাঙামতি তীরন্দাজ'-এর গল্প এগিয়ে গিয়েছে বেশ কিছু বছর। গল্প এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ধারাবাহিকে এসেছে নতুন মোড়ও। দেখা যাচ্ছে কন্যা সন্তানের জন্ম দিয়েছে রাঙামতি। তারপর কেটে গিয়েছে চার চারটি বছর। সে মেয়ের নাম রেখেছে বিহু। বিহুও ছোটবেলা থেকেই মায়ের মতো সাহসী। তির নিয়ে সে-ও লক্ষ্যভেদ করে। ইতিমধ্যেই পুলিশ অফিসার রাঙা। কাজের চাপে মেয়ের জন্মদিনে বাড়ি ফেরা হয় না তার।
এদিকে, বিহু হারিয়ে যায় গভীর জঙ্গলে। রাঙামতি নিজের মেয়ের হারিয়ে যাওয়ার খবর পায় সংবাদমাধ্যমে। মরিয়া হয়ে ওঠে সে মেয়েকে খোঁজার জন্য। এদিকে ছোট্ট বিহু জঙ্গলে গিয়ে বন্ধু পাতায় এক আদিবাসী মেয়ের সঙ্গে। তাকে তির ছুড়ে ফল পেড়ে খাওয়ায়। বিহু কীভাবে ঘন জঙ্গলে এল? এর পিছনে কি কারওর চক্রান্ত রয়েছে? মেয়েকে খুঁজে পাবে কি রাঙা? কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে? সদ্য প্রকাশ্যে আসা ধারাবাহিকের নতুন প্রোমো দেখে এমনই প্রশ্ন ঘুরছে দর্শকের মনে।
বিশ্বসেরার মঞ্চে সন্তান আসার খবর পায় রাঙামতি। তখন রাঙামতির শাশুড়ি এসে জানিয়েছিল তার নাম বিশ্ব স্পোর্টস চ্যাম্পিয়নশিপের জন্য মনোনীত হয়েছে। একলব্য সহ সকলেই বলে, এই প্রতিযোগিতা তাকে জিততেই হবে। কারণ এবার খালি আর ওর বাড়ির লোকজন নয়, বরং গোটা দেশের মানুষের প্রত্যাশা জড়িয়ে রয়েছে রাঙামতীর সঙ্গে তাকে এই প্রতিযোগিতা জিতে দেখাতেই হবে। বাড়ির লোকজন তার উপর এত আশা ভরসা দেখানোয় গর্ভবতী হওয়ার কথা চেপে যায় রাঙামতি। ঠিক করে এই প্রতিযোগিতা তাকে তার সন্তান এবং দেশের জন্য জিততেই হবে। সেই প্রতিযোগিতায় জয়ী হয় রাঙামতি, এরপর নানা বাধা পেরিয়ে সন্তানের জন্মও দেয় সে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, মাঝে বেশ কিছু সময় 'রাঙামতি তীরন্দাজ' ধারাবাহিকের প্রোমো দেখে সোশ্যাল মিডিয়ায় বেজায় হাসাহাসি চলেছে। তবে সেসবকে ছাপিয়ে টিআরপি তালিকায় দাপট জারি রেখেছে এই মেগা। প্রতি সপ্তাহেই সেরা ৫ নিজেকে ধরে রেখেছে। এই ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ সম্প্রচারিত হয়। মেয়েকে খুঁজে পাওয়ার এই বিশেষ পর্বটি ১৫ মার্চ সন্ধে ছটা থেকে একঘণ্টা ধরে সম্প্রচারিত হবে। প্রসঙ্গত, চলতি সপ্তাহে টিআরপিতে ৫.৪ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে 'রাঙামতি তীরন্দাজ'।
